দর্শকের ছোড়া লাঠিতে আহত ফুটবলার, পরিত্যক্ত কোপা দেল রে’র ম্যাচ

আপডেট : ১৬ জানুয়ারি ২০২২, ১০:৩৭ এএম

দর্শকদের কারণে পরিত্যক্ত হয়ে গেছে কোপা দেল রে’র শেষ ষোলোয় সেভিয়া বনাম রিয়াল বেতিসের ডার্বি।

বেতিসের মাঠে ম্যাচটির প্রথমার্ধে খেলোয়াড়দের উদ্দেশ্য করে বিভিন্ন প্রকার জিনিসপত্র ছুড়তে থাকে দর্শকেরা। এই সময় এক ধাতব লাঠি এসে লাগে সেভিয়া মিডফিল্ডার হুয়ান জর্ডানের মাথার পেছনে। সঙ্গে সঙ্গে ব্যথায় মাঠে শুয়ে পড়েন তিনি।

রেফারির নির্দেশে মাঠেই দ্রুত চিকিৎসা দেওয়া হয় জর্ডানকে। পরে চিকিৎসক ও অন্য খেলোয়াড়দের সহায়তায় নিজ পায়ে হেঁটে মাঠ ছাড়েন এই ২৭ বছর বয়সী স্প্যানিয়ার্ড।

এই ঘটনায় প্রায় ১০ মিনিট বন্ধ থাকে ম্যাচটি। পরে রেফারি রিকার্ড দে বুর্জোস ম্যাচ স্থগিত করেন। তার আগে এই লড়াই ১-১ গোলে সমতায় ছিল। ৩৫তম মিনিটে পাপু গোমেজের গোলে এগিয়ে যায় সেভিয়া। এর চার মিনিট পর দুর্দান্ত এক গোলে বেতিসকে সমতায় ফেরান নাবিল ফেকির।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত