কমনওয়েলথ গেমসের মেয়েদের ক্রিকেট ইভেন্টের বাছাইপর্বে শুভসূচনা করেছে বাংলাদেশ।
মঙ্গলবার টুর্নামেন্টের প্রথম ম্যাচে স্বাগতিক মালয়েশিয়াকে কোনো প্রকার পাত্তাই দেয়নি রুমানা আহমেদরা। টি-টোয়েন্টি ফরম্যাটের ম্যাচটি জিতে নিয়েছে ৮ উইকেটে।
কুয়ালালামপুরের কিন্নারা একাডেমি ওভালে টস জিতে ফিল্ডিং করতে নামে বাংলাদেশ নারী দল। বাংলাদেশ বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ২০ ওভারে ৯ উইকেটে মাত্র ৪৯ রান করতে পারে মালয়েশিয়ার নারীরা।
দলের পক্ষে মাত্র দু’ব্যাটার দুই অঙ্কের কোটা স্পর্শ করতে পারেন। অধিনায়ক উইনিফ্রেড দুরাইসিংগাম ১২ ও ম্যাস এলিসা ১১ রান করেন।
বল হাতে বাংলাদেশের পক্ষে দু’টি করে উইকেট নেন সুরাইয়া আজমিন ও রুমানা আহমেদ। ১টি করে উইকেট শিকার করেন সালমা খাতুন, নাহিদা আক্তার ও রিতু মনি।
৫০ রানের সহজ টার্গেটে খেলতে নেমে ভালো সূচনাই পায় বাংলাদেশ। ৫ ওভারে ৩৮ রান যোগ করেন দুই ওপেনার শারমিন সুলতানা ও মুরশিদা খাতুন। শারমিন ১৯ বলে ৪টি চার ও ১টি ছক্কায় ২৮ এবং মুরশিদা ১৬ বলে ১ বাউন্ডারিতে ১৪ রান করেন।
দলীয় ৪৪ রানের মধ্যে দুই ওপেনারের বিদায়ের পর দলের জয় নিশ্চিত করেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও ফারজানা হক। জ্যোতি ৩ ও ফারজানা ৭ রানে অপরাজিত থাকেন। ম্যাচ সেরা হন বাংলাদেশের রুমানা।
বুধবার লিগ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে কেনিয়ার মুখোমুখি হবে বাংলাদেশের মেয়েরা।
পাঁচ দলের এই বাছাইপর্ব থেকে কেবল পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা দলটি কমনওয়েলথ গেমসের মূল পর্বে খেলবে। জুলাই-আগস্টে ইংল্যান্ডের বার্মিংহামে হবে আট দলের মূল পর্ব।
