ফিফা দ্য বেস্ট পুরস্কারের জন্য বিশ্বের সব জাতীয় দলের কোচ, অধিনায়কের কাছে ভোট চাওয়া হয়। প্রতি দেশ থেকে একজন সাংবাদিকও ভোট দেন। সেই সঙ্গে অনলাইনে সারা বিশ্বের ফুটবল সমর্থকেরও ভোট দেওয়ার সুযোগ করে দেওয়া হয়। চারটি বিভাগ থেকে প্রাপ্ত ভোটকে সমান গুরুত্ব দিয়ে চূড়ান্ত হয় বিজয়ী। চার বিভাগের সমন্বিত ভোটে ফিফার ২০২১-এর সেরা হয়েছেন লেভানডোস্কি। কিন্তু সমর্থকদের চোখে সেরা লিওনেল মেসি। সমর্থকের ভোটে মেসির অর্ধেকও পাননি লেভা। মেসির পরই সমর্থকরা রেখেছেন সালাহকে। মেসি পেয়েছেন ৭ লাখ ৮,২০৬ ভোট। সালাহর ভোট ৫ লাখ ২৮,২৪৫ এবং লেভানডোস্কির পক্ষে সমর্থকরা ভোট দেন ৩ লাখ ৫৩,৭১৪।
মেসি সমর্থকদের ভোটে এগিয়ে থাকলেও সাংবাদিক ও অধিনায়কদের ভোটে এগিয়ে ছিলেন লেভানডোস্কিই। আবার প্রাপ্ত ভোটের পয়েন্টের হিসেবে সাংবাদিক, অধিনায়ক ও কোচের তিন ক্ষেত্রেই এগিয়ে লেভা। অধিনায়কদের ভোটে লেভার প্রাপ্ত পয়েন্ট ৫৫৫, মেসির ৩৪৪, সালাহর ১৭৬। কোচদের ভোটে ৫৩৫ পয়েন্ট পেয়েছেন লেভানডোস্কি, মেসি ২৫৪, সালাহ ২৭১। অর্থাৎ কোচদের লেভানডোস্কির পর পছন্দ সালাহকে। সব মিলিয়ে ৫৯৩ জন ভোট দিয়েছেন ফিফা বেস্টে। তাদের মধ্যে ২৪২ জন সেরা হিসেবে বেছে নিয়েছেন লেভানডোস্কিকে। মেসিকে সেরা হিসেবে বেছে নেন ১২৫ জন। সালাহকে ৬৩ জন। আর ক্রিশ্চিয়ানো রোনালদোকে সেরা হিসেবে বেছে নিয়েছেন ২৬ জন।
