কানাডা থেকে পাঠানো পার্সেলে পেইচিংয়ে ওমিক্রন : চীন

আপডেট : ১৯ জানুয়ারি ২০২২, ০১:৩৬ এএম

পেইচিংয়ে প্রথমবারের মতো করোনাভাইরাসের অতি-সংক্রামক ভ্যারিয়েন্ট ওমিক্রন শনাক্ত হয়েছে। কানাডা থেকে আসা একটি পার্সেল এই ভ্যারিয়েন্টের সম্ভাব্য উৎস হতে পারে জানিয়েছে চীনা কর্র্তৃপক্ষ। পার্সেল খোলার সময়; বিশেষ করে বিদেশ থেকে আসা কোনো পার্সেল স্পর্শ করার আগে নাগরিকদের মাস্ক এবং গ্লোভস পরার আহ্বান জানানো হয়েছে বলে জানিয়েছে এএফপি।

দেশটির কর্র্তৃপক্ষ বিদেশি পার্সেল জীবাণুমুক্ত করার এবং ডাক বিভাগের যে কর্মীরা টিকার পূর্ণ ডোজ নিয়েছেন; তাদের বিদেশি পার্সেল বিতরণের পরামর্শ দিয়েছে। শীতকালীন অলিম্পিক গেমস শুরু হওয়ার তিন সপ্তাহেরও কম সময়ের আগে পেইচিংয়ে এই সতর্কতা জারি করা হয়েছে। দেশটির আরও বেশ কয়েকটি শহরে করোনাভাইরাসের নতুন প্রাদুর্ভাব নির্মূল করতে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

গত সোমবার গভীর রাতে চীনের রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যম সিসিটিভি সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে বিদেশি পণ্য ক্রয় এবং বিদেশি পার্সেল গ্রহণ যথাসম্ভব কমিয়ে ফেলার পরামর্শ দেয়। এতে বলা হয়, ‘পার্সেল সামনা-সামনি হস্তান্তরের সময় নিজের সুরক্ষা নিশ্চিত করুন। এ সময় ফেস মাস্ক এবং গ্লোভস পরুন। বাড়ির বাইরে প্যাকেজ খোলার চেষ্টা করুন।’

দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা বলেছেন, পেইচিংয়ে ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত ব্যক্তি কানাডা থেকে আসা একটি প্যাকেজ খুলেছিলেন। যুক্তরাষ্ট্র এবং হংকং হয়ে সেই প্যাকেজটি পেইচিংয়ে পৌঁছেছে। যে কারণে এই প্যাকেজের মাধ্যমে ওমিক্রন ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার সম্ভাবনা নাকচ করে দেওয়া যায় না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত