হিন্দু নারীর সঙ্গে ভ্রমণ করায় বেধড়ক মার মুসলিম ব্যক্তিকে

আপডেট : ১৯ জানুয়ারি ২০২২, ০১:৫২ পিএম

এক হিন্দু নারীর সঙ্গে ট্রেনে ভ্রমণ করছিলেন এক মুসলিম ব্যক্তি। আর এই ‘দোষেই’ সেই মুসলিম ব্যক্তিকে মারধর করল উগ্র হিন্দুত্ববাদী সংগঠনের সদস্যরা। ধর্মীয় অসহিষ্ণুতার এই ঘটনা ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের উজ্জয়নে।

ঘটনাটি গত ১৪ জানুয়ারি ঘটেছিল। তবে ঘটনাটি প্রকাশ্যে আসে গতকাল মঙ্গলবার। এই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হলে ঘটনাটির বিষয়টি জানতে পারে সংবাদ মাধ্যম।

ভিডিওতে দেখা যাচ্ছে, এক হিন্দুত্ববাদী সংগঠনের সদস্য পিন্টু কৌশল আরও কয়েকজনের সঙ্গে মহুর এক বাসিন্দাকে ট্রেন থেকে টেনে হিঁচড়ে নামাচ্ছেন। উজ্জয়নের রেলওয়ে স্টেশনে সেই ব্যক্তিকে নামিয়ে তাঁকে সেখানে মারধর করতে দেখা গিয়েছে ভিডিওতে। তবে জানা গিয়েছে, আদতে ওই মুসলিম ব্যক্তি ও হিন্দু নারী একে অপরের সঙ্গে বিবাহিত। দুই জনের পরিবারই তাদের বিষয়টি জানে।

কৌশল দাবি করেণ, এক বিবাহিত নারীকে ভুল বুঝিয়ে সেই মুসলিম ব্যক্তি তাঁকে আজমির নিয়ে যাচ্ছিল। সেখানে তাঁরা দুই জনে ফের বিয়ে করত বলে দাবি করা হয়েছে।

কৌশল বলেন, ‘খবর পেয়ে তাদের ট্রেন থেকে বের করে আনা হয়। লাভ জিহাদের মামলা হওয়ায় তাদের উজ্জয়নের জিআরপির কাছে হস্তান্তর করা হয়েছে’। কৌশলের দাবি, এই মুসলিম ব্যক্তি নিজেও নাকি বিবাহিত। এবং তাঁর দুই সন্তান রয়েছে।

তবে জিআরপি উজ্জয়নের পুলিশ সুপার নিবেদিতা গুপ্তা বলেছেন, ‘পুরুষ এবং নারী পারিবারিক বন্ধু ছিলেন এবং নারীর মা বিষয়টি নিশ্চিত করেছেন। নিশ্চিত হওয়ার পরে আমরা তাদের যাওয়ার অনুমতি দিয়েছি’।

পুলিশ কর্মকর্তা জানান, নিগৃহীত ব্যক্তি গণধোলাই সম্পর্কে কোনও অভিযোগ দায়ের করেননি। তাই এই ক্ষেত্রে পুলিশ স্বতপ্রণোদিত হয়ে কোনও পদক্ষেপ নিতে পারছে না। পাশাপাশি তিনি জানান, সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পরই গণধোলাইয়ের বিষয়টি প্রকাশ্যে এসেছে। তার আগে তারা এই বিষয়ে জানতেনই না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত