বাগেরহাটের মোরেলগঞ্জে এক গৃহবধূকে ধর্ষণের দায়ে ছয় বছর পর খোকা হাওলাদার (৪৬) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে বাগেরহাটের একটি আদালত। একই সঙ্গে আসামিকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেয়া হয়।
বুধবার দুপুরে বাগেরহাট নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো. নূরে আলম আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।
আসামি মো. খোকা হাওলাদার জেলার মোরেলগঞ্জ উপজেলার উত্তর ফুলহাতা গ্রামের প্রয়াত আব্দুস ছত্তার হাওলাদারের ছেলে।
মামলার নথির বরাত দিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী রণজিত কুমার মন্ডল বলেন, ২০১৫ সালের ৩১ মে রাত আটটার দিকে বাড়িতে কেউ না থাকার সুযোগে উত্তর ফুলহাতা গ্রামের এক কাপড় ব্যবসায়ীর বাড়িতে ঢুকে তার দুই শিশু সন্তানের সামনে ধারালো অস্ত্রের মুখে স্ত্রীকে (২৫) জিম্মি করে ধর্ষণ করেন খোকা হাওলাদার নামে এক প্রতিবেশী।
এ ঘটনা শুনে খোকা হাওলাদারের বিরুদ্ধে মোরেলগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন।
মামলার তদন্ত কর্মকর্তা মোরেলগঞ্জ থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) আব্দুল মান্নান শেখ তদন্তে নেমে গৃহবধূকে ধর্ষণের ঘটনার সত্যতা পান। গৃহবধূর ডাক্তারি পরীক্ষা ও স্থানীয়দের কাছ থেকে ঘটনার সত্যতা পেয়ে তদন্ত কর্মকর্তা ওই বছরের ২৯ আগস্ট আদালতে খোকা হাওলাদারের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন।
আদালতের বিচারক বাদী বিবাদী মিলে মোট নয়জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ সালের সংশোধিত ৯ (১) ধারায় অভিযুক্ত আসামি খোকার বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় যাবজ্জীবন, ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডাদেশ দেন।
আসামি পক্ষে মামলাটি পরিচালনা করেন আইনজীবী শেখ মনিরুজ্জামান।
