ইভ্যালি: হাইকোর্টে তাহসানের আগাম জামিন

আপডেট : ২০ জানুয়ারি ২০২২, ০৩:৪৭ পিএম

ই-কর্মাস প্রতিষ্ঠান ইভ্যালির প্রতারণামূলক কাজে সহযোগিতা ও অর্থ আত্মসাতের অভিযোগের মামলায় হাইকোর্টে ৬ সপ্তাহের আগাম জামিন পেয়েছেন অভিনেতা-গায়ক তাহসান খান।

বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এই আদেশ দেন।

আদালতে তাহসানের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট সানজিদা খানম, রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মহিউদ্দিন দেওয়ান।

এর আগে বুধবার এই মামলায় হাইকোর্টে আগাম জামিন আবেদন করেন তাহসান। হাইকোর্টের একটি ফৌজদারি বেঞ্চে তিনি এ আবেদন করেন।

গত ১৩ ডিসেম্বর এ মামলায় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা ও শবনম ফারিয়াকে ৮ সপ্তাহের জামিন দিয়েছিলেন হাইকোর্ট।

৪ ডিসেম্বর রাজধানীর ধানমন্ডি থানায় সাদ স্যাম রহমান নামে ইভ্যালির এক গ্রাহক তাহসান খান, রাফিয়াত রশিদ মিথিলা ও শবনম ফারিয়াসহ ৯ জনের নামে মামলা দায়ের করেছিলেন। মামলায় ইভ্যালির এমডি মোহাম্মদ রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বাকিদের বিষয়ে তদন্ত চলছে।

মামলার এজাহারে বলা হয়েছে, প্রতারণামূলকভাবে গ্রাহকদের টাকা আত্মসাৎ ও সহায়তা করা হয়েছে। আত্মসাৎ করা টাকার পরিমাণ ৩ লাখ ১৮ হাজার টাকা। যা উদ্ধার করা সম্ভব হয়নি।

ইভ্যালিতে তাহসান ও মিথিলা শুভেচ্ছাদূত হিসেবে যুক্ত ছিলেন। এ ছাড়া প্রধান জনসংযোগ কর্মকর্তা ছিলেন ফারিয়া। তবে ইভ্যালির বিতর্কিত কর্মকাণ্ডের কারণে তারা পরে সরে আসেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত