টি-টোয়েন্টি ক্যারিয়ারে সেরা বোলিং ফিগারেও দলকে জেতাতে পারলেন না মেহেদি হাসান মিরাজ। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরের উদ্বোধনী ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ৪ উইকেটে হারিয়েছে ফরচুন বরিশাল।
চট্টগ্রামের দেওয়া ১২৬ রানের লক্ষ্য ৮ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় সাকিব আল হাসানের দল। শুক্রবার বেলা দেড়টায় মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ফরাসি বংশোদ্ভূত ইংলিশ অলরাউন্ডার বেনি হাওয়েলের ক্যামিওতে ৮ উইকেটে ১২৫ রান করে চট্টগ্রাম।
আফিফ হোসেন-সাব্বির রহমানদের ব্যর্থতায় দলীয় ৫০ রান পেরোতেই ৪ উইকেট হারিয়ে বসে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা মিরাজের দলকে এক সময় চোখ রাঙাচ্ছিল শতরানের নিচে অলআউট হওয়ার শঙ্কা।
তবে হাওয়েলের ২০ বলে ৩ চার ও ৩ ছক্কায় ৪১ রানের ঝোড়ো ইনিংসে ভর করে ১২৫ রান দাঁড় করায় চট্টগ্রাম। বরিশালের হয়ে ৩২ রানে সর্বোচ্চ ৩ উইকেট নেন আলজারি জোসেফ। ২ উইকেট পেয়েছেন নাঈম হাসান। অধিনায়ক সাকিব ৪ ওভারে ৯ রান দিয়ে নিয়েছেন এক উইকেট।
জবাব দিতে নেমে শুরুতে ওপেনার নাজমুল হোসেন শান্তকে হারালেও আরেক ওপেনার সৈকত আলী ব্যাটে ভর করে এগোতে থাকে বরিশাল। ব্যক্তিগত ৩৯ রানে চতুর্থ উইকেট হিসেবে মিরাজের বলে ফেরেন তিনি। তার আগে বিদায় নেন সাকিব (১৩) ও তৌহিদ হৃদয় (১৬)।
৯২ রানে ৬ উইকেট হারানো বরিশালকে জয়ের বন্দরে পৌঁছে দেন ডোয়াইন ব্রাভো ও জিয়াউর রহমান। ১৮.২ ওভারে ৬ উইকেটে ১২৬ রান করে সাকিবের দল। ব্রাভো ১০ বলে করেন ১২ এবং জিয়াউর ১২ বলে করেন ১৯ রান।
এদিন টি-টোয়েন্টি ক্যারিয়ারের সেরা বোলিং করেছেন চট্টগ্রামের অধিনায়ক মিরাজ। ৪ ওভারে ১৬ রান দিয়ে ৪ উইকেট নেন তিনি। দল হারালেও ম্যাচ সেরা হয়েছেন এই স্পিনার।
