দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে হাসেনি বিরাট কোহলির ব্যাট। ডাক মেরে সাজঘরে ফেরেন তিনি।
ইনিংসের ১৩তম ওভারে স্পিনার কেশব মহারেজের বলে প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমার হাতে বন্দী হন কোহলি। ৫ বল খেলে কোনো রান করতে পারেননি ভারতের সাবেক অধিনায়ক। সেই সঙ্গে করেছেন এক ‘লজ্জার নজির’ও।
আন্তর্জাতিক ওয়ানডেতে এই প্রথম কোনো স্পিনারের বলে ডাক মারলেন কোহলি। ৫০ ওভারের ক্রিকেটে এ নিয়ে মোট ১৪ বার শূন্য রানে আউট হলেন ৩৩ বছর বয়সী ব্যাটার। প্রায় দু’বছর পর এই ফরম্যাটে ডাক মারলেন তিনি। কোহলি ওয়ানডেতে শেষবার শূন্য হাতে সাজঘরে ফিরেছিলেন ২০১৯ সালে বিশাখাপত্তমে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।
পার্লের বোলান্দ পার্কে কোহলি ব্যর্থ হলেও দ. আফ্রিকার বিপক্ষে ঝোড়ো ইনিংস খেলে একটি রেকর্ড গড়েছেন ঋষভ পন্ত। এই উইকেটরক্ষকের ৭১ বলে ৮৫ রানের ইনিংসটি সাজানো ছিল ১০ চার ও ২ ছয়ে।
দ. আফ্রিকার মাঠে ভারতীয় উইকেটরক্ষকদের মধ্যে ওয়ানডেতে সর্বোচ্চ রানের ইনিংসটি খেললেন পন্ত। ৮৫ রান করে তিনি দখল করে নিলেন রাহুল দ্রাবিড়ের রেকর্ড। প্রোটিয়াদের বিপক্ষে ২০০১ সালে ডারবানে ৭৭ রানের ইনিংস খেলেছিলেন ভারতের বর্তমান কোচ।
দ. আফ্রিকার মাঠে একদিনের ম্যাচে যা ছিল কোনো ভারতীয় উইকেটরক্ষকের সর্বোচ্চ ইনিংস। ২১ বছর পর সেই রেকর্ড নিজের করে নিলেন পন্ত। ২০১৩ সালে জোহানাসবার্গে স্বাগতিকদের বিপক্ষে ৬২ রানের ইনিংস খেলেছিলেন মহেন্দ্র সিং ধোনি।
ওপেনার-অধিনায়ক লোকেশ রাহুল ও পন্তের ফিফটিতে তিন ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে লড়াকু পুঁজি পেয়েছে ভারত। দু’জনের ১১৫ রানের জুটিতে ৬ উইকেটে ২৮৭ রান করেছে টিম ইন্ডিয়া। জবাবে ব্যাট করছে দ. আফ্রিকা। সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে স্বাগতিকেরা।
