সিলেট-কুমিল্লার লো স্কোরিং ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই

আপডেট : ২২ জানুয়ারি ২০২২, ০৪:২৫ পিএম

লো স্কোর নিয়েও যে লড়াই চালিয়ে নেওয়া যায় তা দেখাল সিলেট সানরাইজার্স। ব্যাটারদের ব্যর্থতা পুষিয়ে দিতে চেষ্টা করেছিল তাদের বোলাররা।

আরেকটু হলে তো সিলেটকে জিতিয়ে দিচ্ছিলেন। তবে শেষ হাসি হেসেছে কুমিল্লা ভিক্টোরিয়ানস। ৯৭ রানের লক্ষ্য তাড়ায় ২ উইকেটের ঘাম ঝরানো জয় পেয়েছে ইমরুল কায়েসের দল।

শনিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে ১৯.১ ওভারে মাত্র ৯৬ রানে গুটিয়ে যায় সিলেট। দলীয় ৭ রানে এনামুল হক বিজয়ের বিদায়ের পর বিপদে পড়ে তারা।

সানরাইজার্সের হয়ে বড় স্কোর করতে পারেননি কেউ। সর্বোচ্চ ২০ রান করেন ওপেনার কলিন ইনগ্রাম। ১৭ রান আসে রবি বোপারার ব্যাট থেকে। ১২ রান করেন সোহাগ গাজী। বাকিদের কেউ দুই অঙ্কের ঘর ছুঁতে পারেননি।

কুমিল্লার হয়ে দুটি করে উইকেট পেয়েছেন নাহিদুল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও শহিদুল ইসলাম। লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে বিপদে পড়ে তারাও। ব্যক্তিগত ২ রানে প্রথম উইকেট হিসেবে ফেরেন দক্ষিণ আফ্রিকান ব্যাটার ফাফ ডু প্লেসি। কিন্তু সোহাগ গাজী, মোসাদ্দেক ও নাজমুল ইসলামের নিয়ন্ত্রিত বোলিংয়ে নিয়মিত উইকেট হারাতে থাকে কুমিল্লা।

শেষদিকে করিম জানাতের ১৩ বলে ১৮ রানের ‍সুবাদে রান ব্যবধান কমায় তারা। ৮ বল বাকি থাকার আগে দুই টেলএন্ডার মাহিদুল ইসলাম অঙ্কন (৯) ও তানভীর ইসলাম মিলে দলকে পৌঁছে দেন জয়ের বন্দরে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত