আগেরদিন বাবার মৃত্যু, শোকে বিয়ের দিন ছেলেরও মৃত্যু

আপডেট : ২৩ জানুয়ারি ২০২২, ০৩:২৭ পিএম

ময়মনসিংহের ফুলপুরে বাবার মৃত্যুর শোক সইতে না পেরে ছেলেরও মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে ফুলপুর উপজেলার রামভদ্রপুর গায়রা গ্রামে। আজ ভোরে ছেলের মৃত্যু হয়।

পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার রামভদ্রপুর গায়রা গ্রামের আব্দুল জলিল আকন্দের (৬৫) ছেলে জুলমত আলী (৩২) এক মাস আগে সিঙ্গাপুর থেকে বাড়ি ফেরেন।

আজ রবিবার নকলার গোড়দার এলাকায় তার বিয়ের দিন ধার্য ছিল।

এদিকে গতকাল শনিবার বিকেলে আব্দুল জলিল আকন্দ অসুস্থ হয়ে পড়লে দ্রুত ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে রাত দেড়টায় দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। লাশ বাড়িতে নিয়ে যাওয়ার পর ছেলে জুলমত আলী অজ্ঞান হয়ে পড়েন।

পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আজ রবিবার আনুমানিক ভোর সাড়ে পাঁচটার দিকে তাকে মৃত ঘোষণা করেন। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত