‘সালমান খানের খামারবাড়িতে শিল্পীদের খুন করে পুঁতে রাখা হয়’

আপডেট : ২৩ জানুয়ারি ২০২২, ০৫:১৯ পিএম

বলিউড ভাইজান সালমান খানের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছেন তার প্রতিবেশী। কেতন কাক্কাদ নামের ওই ব্যক্তি দাবি করেছেন, সালমানের খামার বাড়িতে শিল্পীদের খুন করে পুঁতে রাখা হয়। হিন্দি সিনেমার বেশ কয়েকজন অভিনয় শিল্পীর লাশ নাকি সেখানে মাটিচাপা দেওয়া হয়েছে।

সালমানের খামারবাড়িটি অবস্থিত মুম্বাই থেকে কিছুটা দূরে পানভেলে। পাহাড়ি ওই এলাকায় বিশাল জায়গা নিয়ে খামারবাড়ি বানিয়েছেন সাল্লু। নাম দিয়েছেন বোনের নামে- ‘অর্পিতা ফার্মস’। করোনাকালীন পুরোটা সময় সেখানেই ছিলেন তিনি। তার পরিবার, বলিউডের ঘনিষ্ঠজন সবাই এই খামারবাড়িতে আসেন। এমনকি ভাইজানের গত জন্মদিনের পার্টিও হয়েছিল এখানেই।

এই খামারবাড়ির প্রতিবেশী কেতন। তার বিরুদ্ধে সম্প্রতি মানহানির মামলা দায়ের করেছেন সালমান খান। ধর্মীয় বিশ্বাস নিয়ে প্রশ্ন তোলার অভিযোগে এই মামলা ঠুকেছেন ভাইজান।

মামলার পরই বিস্ফোরক অভিযোগ তুলেছেন কেতন। তিনি দাবি করেছেন, সালমানের খামারবাড়িতে বলিউডের কয়েকজন শিল্পীর মরদেহ পুঁতে রাখা হয়েছে। শুধু তাই নয়, এখানে শিশু পাচারের মতো অপরাধও হয়।

image

 

যদিও সালমানের আইনজীবী প্রদীপ গান্ধী বলেছেন, প্রমাণ ছাড়াই এসব অভিযোগ তোলা হচ্ছে এবং সালমানের সুনাম নষ্ট করার চেষ্টা করা হচ্ছে।

সালমানের বাড়ির পাশে পাহাড়ে একটি প্লটের মালিক কেতন। তিনি প্রথমে অভিযোগ তোলেন, সালমান তার জমিতে যাওয়ার জায়গা বন্ধ করে দিয়েছেন। এরপর কেতনের বিরুদ্ধে ‘ভিডিও, পোস্ট বা টুইটের আকারে মিথ্যা, অসম্মানজনক এবং মানহানিকর অভিযোগ’ করা থেকে বিরত থাকার জন্য দেওয়ানি মামলা দায়ের করেন সালমান।

সালমানের আইনজীবী প্রদীপ গান্ধী বলেন, ওই ব্যক্তি অকারণে সালমানের ধর্মীয় পরিচয়কে বিতর্কের মধ্যে টেনে এনেছিলেন।

যার জবাবে সালমান খান তার আইনজীবীর মাধ্যমে বলেন, ‘সঠিক প্রমাণ ছাড়াই এই সমস্ত অভিযোগ আসামীর কল্পনা। সম্পত্তির বিবাদে আমার ব্যক্তিগত সুনামকে কেন কলঙ্কিত করছেন? ধর্ম নিয়ে আসছেন কেন? আমার মা একজন হিন্দু, আমার বাবা একজন মুসলিম এবং আমার ভাইয়েরা হিন্দুদের বিয়ে করেছে। আমরা সব উৎসব পালন করি’।

সালমানের এই মামলায় আরও দুজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, যাঁরা ওই সাক্ষাত্কারের অংশ ছিলেন। সালমানের দায়ের করা অভিযোগের কপিতে ফেসবুক, ইউটিউব, গুগুলের মতো প্ল্যাটফর্মগুলিকেও শামিল করা হয়েছে, কারণ সালমান চান চিরতরে ডিলিট করে দেওয়া হোক ওই সাক্ষাত্কার।

সালমানের আইনজীবীর দাবি সালমানের ফার্ম হাউজের কাছে আরও একটি জমি কিনতে চেয়েছিল কেতন কক্কর, কিন্তু যা ভেস্তে যায় কোনও কারণে। এরপর থেকেই তার ধারণা সালমান খান কলকাঠি নেড়ে তার জমি কেনা আটকে রেখেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত