পালানো ছাড়া শেখ হাসিনার সামনে অন্য কোনো বিকল্প খোলা নেই: গয়েশ্বর

আপডেট : ২৪ জানুয়ারি ২০২২, ০৭:৪৪ পিএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিজেই চুপচাপ ক্ষমতা থেকে কেটে পড়তে পারেন। কারণ পালানো ছাড়া অন্য কোনো বিকল্প পথ তার সামনে আর খোলা নেই।’

সোমবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় দলের চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক দোয়া ও মিলাদ মাহফিলে তিনি এ কথা বলেন।

গয়েশ্বর বলেন, ‘দেশ ও দেশের মানুষের স্বার্থে শেখ হাসিনাকে আমরা বিতাড়িত করব। এমনকি আমরা তাকে পতন ঘটানোর সুযোগ নাও পেতে পারি। কারণ, তিনি নিজে থেকেই কেটে পড়তে পারেন। অপবাদ, ব্যর্থতা এবং বিশ্ব ও দেশীয় রাজনীতিতে তিনি যে অবস্থানে আছেন, তাতে তার গুছিয়ে ওঠার সুযোগ আছে বলে আমি বিশ্বাস করি না। তাই তার চুপচাপ পালানোর পথ ছাড়া অন্য কোনো বিকল্প পথ খোলা নেই।’

বিএনপির এই নেতা বলেন, ‘আরাফাত রহমান কোকোর মৃত্যু অস্বাভাবিক সময়ে। তার স্বাভাবিক মৃত্যু হয়নি। তাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে।’

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য আমান উল্লাহ আমান, আব্দুস সালাম, দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) ফজলুল হক মিলন প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত