হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণে অনিয়ম ও গাফিলতি সহ্য করা হবে না বলে জানিয়েছেন হাওর বাঁচাও আন্দোলনের নেতারা। অনিয়মের কারণে ফসলের কোনো ক্ষতি হলে এর দায় প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডকে (পাউবো) নিতে হবে বলে হুঁশিয়ার করেন তারা।
গতকাল সোমবার দুপুরে সুনামগঞ্জ পৌর শহরে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সংগঠনের নেতারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের জেলা কমিটির সাধারণ সম্পাদক ওবায়দুল হক।
তিনি বলেন, সুনামগঞ্জে হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণের নির্ধারিত সময়সীমা ১৫ ডিসেম্বর থেকে ২৮ ফেব্রুয়ারি। কিন্তু এক মাস সময় পেরিয়ে গেলেও এখনো পানি উন্নয়ন বোর্ডের হিসাবেই ৭০০ প্রকল্পের মধ্যে প্রায় ৩০০ প্রকল্পের কাজ শুরু হয়নি। তবে পাউবোর কাগুজে হিসাব আর মাঠের বাস্তবতায় কোনো মিল নেই। ১৯ জানুয়ারি পর্যন্ত ৭টি উপজেলার কাজের কোনো প্রকল্প দেওয়া হয়নি। পাউবো কাজ নিয়ে লুকোচুরি করছে। মাঠপর্যায়ে গণশুনানি করে প্রকল্প নির্ধারণ ও প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি) গঠনের কথা থাকলেও সেটি করা হয়নি। স্থানীয়ভাবে প্রভাবশালী ও রাজনৈতিক ব্যক্তিদের প্রভাবে পিআইসি গঠন করা হয়। তারাই কাজে অনিয়ম করে থাকেন।
