রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ডি-ব্লকের ১৪ তলায় অগ্নিকাণ্ড হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় এ আগুন লাগে। খবর পাওয়ার আধঘণ্টার মধ্যে ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে তিনটি এবং পলাশী স্টেশন থেকে দুটি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। এদিকে আগুন লাগার খবর ছড়িয়ে পড়লে হাসপাতালে রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে তড়িঘড়ি করে নিচে নেমে যান। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
এদিকে রাজধানীর পশ্চিম রামপুরার উলন এলাকায় বিদ্যুৎ সরবরাহকারী বেসরকারি প্রতিষ্ঠান ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) একটি সাবস্টেশনে (উপকেন্দ্র) অগ্নিকাণ্ড হয়েছে। গতকাল সোমবার সকাল ৭টা ২০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
