মোদি সরকারের দেয়া পদ্মশ্রী ফিরিয়ে দিলেন সন্ধ্যা মুখোপাধ্যায়

আপডেট : ২৫ জানুয়ারি ২০২২, ০৯:০৬ পিএম

ভারত সরকারের অন্যতম রাষ্ট্রীয় সম্মাননা ফিরিয়ে দিয়েছেন উপমহাদেশের প্রখ্যাত সংগীত শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়। এই সম্মাননা দিতে দিল্লি থেকে তাকে ফোন করা হয়। তবে, মোদী সরকারের এই সম্মাননা তিনি নেবেন না বলে জানিয়ে দিয়েছেন।

মঙ্গলবার ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারকে এ বিষয়ে সন্ধ্যা মুখোপাধ্যায় বলেছেন, এভাবে কেউ পদ্মশ্রী দেয়? এরা জানে না আমি কে! নব্বই বছরে আমায় শেষে পদ্মশ্রী নিতে হবে? আর এই ফোন করে বললেই চলে যাব আমি? শিল্পীদের কোনো সম্মান নেই।

তিনি আরও বলেছেন, আমি বলে দিয়েছি, আমার পদ্মশ্রীর কোনো দরকার নেই। শ্রোতারাই আমার সব।

এভাবে পদ্মশ্রী সম্মাননা দেয়ার জন্য ফোন পেয়ে তিনি বিব্রত ও অপমানিত বলেও জানান।

উল্লেখ্য, ১৯৭১ সালে 'জয় জয়ন্তী' এবং 'নিশিপদ্ম' ছবিতে গান গেয়ে শ্রেষ্ঠ গায়িকা হিসেবে জাতীয় পুরস্কার পেয়েছিলেন সন্ধ্যা। এ ছাড়া ২০১১ সালে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তাকে 'বঙ্গবিভূষণ' উপাধিতে সম্মানিত করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত