গত তিন বছরে বাংলাদেশ-ভারত সীমান্ত থেকে ৭ হাজার ২৭১ জন বাংলাদেশি গ্রেপ্তার হয়েছেন। এ সময় পাচারের উদ্দেশে নেওয়া ৩৭ হাজার গরু উদ্ধারের পর আটক হয়েছে। পাশাপাশি ৭০ কেজির বেশি সোনা, ৬ কুইন্টাল রুপাসহ বিভিন্ন মাদক উদ্ধার করা হয়েছে।
কলকাতার নিউ টাউনে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের দপ্তরে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
৯১৩ বর্গ কিলোমিটার বিস্তৃত ভারত-বাংলাদেশ সীমান্তের নিরাপত্তার দায়িত্ব বিএসএফ দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশ-ভারত সীমান্ত থেকে ২০১৯ সালে গ্রেপ্তার হয় ২ হাজার ১৭৫ জন, ২০২০ সালে গ্রেপ্তার হয় ৩ হাজার ৬০ জন এবং ২০২১ সালে গ্রেপ্তার হয় ২ হাজার ৩৬ জন। এই সময়ে ২ হাজার ২৯৫ জন ভারতীয় নাগরিককেও সীমান্ত থেকে আটক করা হয়েছে। এ ছাড়া ১৫৮ জন বিদেশি নাগরিককে আটক করা হয়েছে যারা বাংলাদেশ-ভারতের নাগরিক নন।
সংবাদ সম্মেলনে বলা হয়, ২০২১ সালে নারী পাচার, চোরাচালান, চোরাচালান সিন্ডিকেটের সঙ্গে যুক্ত ৮৪ জন দালালকে গ্রেপ্তার করা হয়েছে। সীমান্তে মানব পাচার রোধে গঠিত বিএসএফের বিশেষ ইউনিট গত এক বছরে ২৯টি ঘটনায় ৩৩ জন বাংলাদেশি নারীকে উদ্ধার করেছে। এই নারীদের ভারতে কাজের লোভ দেখিয়ে পাচারকারীরা সীমান্তের ভারতীয় অংশে নিয়ে আসে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কলকাতার দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের আইজি অনুরাগ গর্গ, উপমহাপরিদর্শক ও জ্যেষ্ঠ জনসংযোগ কর্মকর্তা সুরজিৎ সিং গুলেরিয়া প্রমুখ।
সূত্র: আজকাল।
