বার্সেলোনায় ফিরতে চেয়েছিলেন, নেইমারের স্বীকারোক্তি

আপডেট : ২৬ জানুয়ারি ২০২২, ১০:২০ পিএম

২০১৭ সালে দলবদলের বিশ্ব রেকর্ড গড়ে বার্সেলোনা থেকে ফরাসি ক্লাব পিএসজিতে পাড়ি দেন নেইমার। কিন্তু বছর না যেতেই গুঞ্জন শুরু হয়, প্যারিসে সুখে নেই ব্রাজিলিয়ান সুপারস্টার।

তাই তো দলবদল এলেই নেইমারের বার্সায় ফেরার গুঞ্জন চরমে পৌঁছাত। নেটফ্লিক্সে প্রকাশ হওয়া নিজের আত্মজীবনীমূলক তথ্যচিত্রে নেইমার তো স্বীকারই করে নিলেন, তিনি বার্সায় ফিরতে চেয়েছিলেন।

কাতালান শহর এবং ক্লাবের প্রতি নেইমারের অনুরাগের কথা গোপন কিছু নয়। প্যারিসে যোগ দেওয়ার দুই বছরের মাথায় তিনি প্রিয় শহর আর ক্লাবে ফিরতে অনেক দূর এগিয়ে গিয়েছিলেন।

২০১৯ সালের গ্রীষ্মে নেইমার ক্যাম্প ন্যুতে ফিরতে উদ্‌গ্রীব হন। তথ্যচিত্রে নেইমারের বাবার মন্তব্য পরিষ্কার করে যে, প্যারিসে মোটেও সুখী ছিলেন না তার ছেলে। লুইস সুয়ারেজ ও লিওনেল মেসির কাছে ফিরতে চেয়েছিলেন।

নেইমারের বাবা বলেন, ‘ও পিএসজি ছেড়ে বার্সেলোনায় ফিরতে চেয়েছিল। আমি চাইনি ও পিএসজি ছাড়ুক। কিন্তু আমি কার জন্য কাজ করি? সৌহার্দ্যপূর্ণভাবেই আমরা পিএসজি ছাড়তে চেয়েছিলাম। কিন্তু সেটা হয়নি।’

নেইমারও তার সেই পদক্ষেপের ব্যাপারে কথা বলেছেন, ‘যখন আমি পিএসজি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলাম, সেটার কারণ ভক্ত বা ক্লাবের কারণে হয়। আমি দেখেছি যে আমি অন্য কোথাও ভালো বোধ করব।’

‘আমার কখনো পিএসজি ভক্তদের বিরুদ্ধে বা ক্লাবের বিরুদ্ধে (অভিযোগ) কিছু ছিল না। এটা কখনোই ছিল না। বিপরীতে আমি খুব কৃতজ্ঞ। যদিও আমি চালিয়ে যেতে চাইনি। আমি ট্রেনিং করছিলাম এবং প্রস্তুতি নিচ্ছিলাম। কারণ খারাপ খেললে সবাই আমাকে দোষারোপ করবে।’

নেইমার যোগ করেন, ‘আমরা যদি হারতাম, আমি প্রথম ব্যক্তি যার দায় নিতে হতো। আমার ওপর চাপ এবং দায়িত্বের কথা আমি জানি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত