বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের প্রকোপ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে বিএনপি নেতারাও আক্রান্ত হচ্ছেন। করোনা আক্রান্তের সংখ্যা কম হওয়ায় আপাতত আনুষ্ঠানিকভাবে তথ্য সংগ্রহ করা হচ্ছে না। তবে এ সংখ্যা বৃদ্ধি পেলে কেন্দ্রীয়ভাবে তথ্য সংগ্রহ করা হবে। গতকাল বুধবার দেশ রূপান্তরকে এসব কথা বলেন তিনি।
এর আগে দেশে করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ার পর দলের পক্ষ থেকে ইকবাল হাসান মাহমুদ টুকুকে করোনা পরিস্থিতি পর্যবেক্ষণে গঠিত কমিটির আহ্বায়ক করা হয়েছিল। এবার এখন পর্যন্ত কোনো কমিটি করা না হলেও তিনি বিষয়টি পর্যবেক্ষণ করছেন।
তিনি বলেন, ‘এবার করোনার ধরন একটু ভিন্ন রকম। আক্রান্তদের হাসপাতালে ভর্তি হতে হচ্ছে না। বাসায় আইসোলেশনে থেকেই চিকিৎসা নিচ্ছেন এবং তাতেই সুস্থ হয়ে উঠছেন; বিশেষ করে আমাদের দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সপরিবারে করোনায় আক্রান্ত হয়ে উত্তরার বাসায়ই চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন।’
