ধর্ষণের ভিডিও ছড়ানোর অপরাধে বৃদ্ধের জেল

আপডেট : ২৭ জানুয়ারি ২০২২, ০১:২২ এএম

দুই কিশোরীকে ধর্ষণের ভিডিওচিত্র ইন্টারনেট এবং বিভিন্ন ব্যক্তির মোবাইলে ছড়িয়ে দেওয়ার অপরাধে রাজশাহী সাইবার ট্রাইব্যুনাল এক বৃদ্ধকে ১৪ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছে। একই সঙ্গে ১০ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদন্ড ভোগ করতে হবে তাকে।

রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. জিয়াউর রহমান গতকাল বুধবার দুপুরে এ রায় ঘোষণা করেন। দ-িত আল-আমিন ওরফে আকিল নাটোরের বড়াইগ্রাম উপজেলার চান্দাই গ্রামের বাসিন্দা। ২০১৬ সালে মামলাটি করার সময় তার বয়স ছিল ৬০ বছর। পলাতক আল-আমিনের অনুপস্থিতিতেই রায় ঘোষণা করা হয়।

আদালত সূত্রে জানা গেছে, ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক ঠিক করে দেওয়ার কথা বলে এলাকার ১৪ বছর বয়সী এক কিশোরীকে কবিরাজি চিকিৎসার নামে ঘরে নিয়ে ধর্ষণ করেন আল-আমিন। ২০১৫ সালের ২৩ অক্টোবর প্রথম এ ঘটনা ঘটে। একই বছরের ১৫ নভেম্বর ১৩ বছরের আরেক কিশোরীকে কবিরাজি চিকিৎসার নামে ধর্ষণ করেন তিনি। দুজনকে ধর্ষণেরই ভিডিও করে রাখেন ওই বৃদ্ধ। ওই বৃদ্ধ দুই কিশোরীকে তার কাছে যাওয়ার জন্য চাপ দিতেন। তারা পরে আর না গেলে তাদের ধর্ষণের ভিডিও বিভিন্ন ব্যক্তির মোবাইল ও ইন্টারনেটে ছড়িয়ে দেন তিনি।

রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত আরা জানান, ভিডিও ছড়িয়ে পড়ার পর ভুক্তভোগী এক কিশোরীর বাবা বাদী হয়ে বড়াইগ্রাম থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় একটি মামলা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত