কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ পাঁচ রোহিঙ্গা ডাকাতকে আটক করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
আটকরা হলেন- উখিয়ার বালুখালী ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা আবদুল আমিনের ছেলে জা আব্দুল আমিনের ছেলে জামাল হোসেন (৪০), মোহাম্মদ আলীর ছেলে ওমর (২৯), আব্দুল রশীদের ছেলে ফয়েজ আহমেদ (৩৫), আব্দুল হাশিমের ছেলে কামাল নাছের (৩৪) ও আব্দুল আমিনের ছেলে কামাল।
আটকদের বৃহস্পতিবার দুপুরে কক্সবাজার জেলহাজতে প্রেরণ করা হয় বলে উখিয়া থানার ডিউটি অফিসার জানিয়েছেন। মূলত তারা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল বলে জানান এপিবিএনের সদস্যরা।
বুধবার রাত ২টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী রোহিঙ্গা ক্যাম্প থেকে তাদের আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন বলেন, রাতে ক্যাম্পে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল একদল ডাকাত। এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫ জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। আটকদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
