র্যাবের কার্যক্রম সরকারের বন্ধ করে দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেছেন, র্যাব বিচারবহির্ভূত হত্যাকাণ্ড চালাচ্ছে এটা বিভিন্ন দেশের এজেন্সিগুলো দেখছে। এটাকে বিএনপির ওপর দোষ দিয়ে লুকানো যাবে না। গতকাল বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাগলাবাজার গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতাল পরিদর্শন শেষে ও সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন।
তিনি আরও বলেন, ‘শুরুটা করেছিল বিএনপি। সেটা ছিল ক্লিনহার্ট নামে। তারা ভুল করেছিল। সেই ভুলের পুনরাবৃত্তি হচ্ছে র্যব দিয়ে। র্যাব নারায়ণগঞ্জে সাতজনকে মেরে ফেলেছিল। এসব আমরা লুকাতে পারব না। আজ কথা উঠেছে। তাই সংশোধন করতে হবে। অন্যের ঘাড়ে দোষ দিয়ে লাভ নেই।’
সম্প্রতি শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইস্যুতে শিক্ষামন্ত্রী দীপু মনির পদক্ষেপে ভুল ছিল উল্লেখ করে বলেন, আন্দোলনের প্রথম দিনই ঘটনাস্থলে আসা উচিত ছিল। কিন্তু তিনি করোনার অজুহাত দেখিয়ে আসেননি।
এ সময় তিনি অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের শাহজালাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা পোষণ করায় ধন্যবাদ জানান।
