মেষ (২১ মার্চ-২০ এপ্রিল) স্ত্রী-পুত্র যাত্রাফলচিন্তনানি সহাধিপেনঃ অর্থাৎ সপ্তম স্থান এবং সপ্তমপতি আপনার জন্মলগ্নে অবস্থানের ফলে অতিসত্বর শুভফল লাভের আশা রয়েছে।
বৃষ (২১ এপ্রিল-২০ মে) মাসান্তে কেতুগ্রহের প্রভাবে জাতক-জাতিকা কামপ্রবণ হয়। শুক্রগ্রহের ফেরে এ সময় প্রচুর প্রেম ফোঁড়া পরিলক্ষিত হয়। চিকিৎসকের পরামর্শ নিন।
মিথুন (২১ মে-২০ জুন) গ্রহগণের নবাংশের ফলে জাতকের জন্মলগ্নে অবস্থিত রবিগ্রহের প্রভাবে অযাচিত রূপে আনন্দ বা শুভলাভের যোগ রয়েছে। অর্থপ্রাপ্তি হতে পারে।
কর্কট (২১ জুন-২০ জুলাই) সুশীলভার্যশ্চ বিপ্রার্চনে কেন্দ্রী চঃ অর্থাৎ জাতকের এবার দংশনের মোক্ষম সময়। আপনার আরাদ্ধ বস্তু বা দয়িতাকে নিকট পাওয়ার সঠিক সময়।
সিংহ (২১ জুলাই-২০ আগস্ট) দশাপতি মঙ্গলগ্রহের লগ্নানুযায়ী শুভভাবের কৃপাদৃষ্টির ফলে জাতক সুসময়ের দ্বারপ্রান্তে অবস্থান করছেন। প্রয়োজন কেবল সুচিন্তিত সিদ্ধান্তের।
কন্যা (২১ আগস্ট-২২ সেপ্টেম্বর) বুধ সপ্তমে অবস্থান করায় প্রতারণাপূর্ণ কোনো কাজে না জড়ানোই ভালো। বিত্তশালী ব্যক্তির পরামর্শে সহজে অর্থলাভের প্রলোভনে সাড়া দেবেন না।
তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর) শনির উদয়কালীন গ্রহস্ফুট অংশ বিকলা হওয়ায় ভ্রমণে সাবধানতা অবলম্বন করা উচিত। শারীরিক রূপে অঙ্গচ্ছেদের যোগ রয়েছে। ভ্রমণ অশুভ।
বৃশ্চিক (২৩ অক্টোবর-২০ নভেম্বর) জাতকের মঙ্গলের অষ্টবর্গে রেখাপাতের ফলে দিবসের অষ্টপ্রহরে ক্ষুণ্নিবৃত্তি পরিত্যাজ্য। মহাকালের রোষানলে পতিতের পূর্বে আংশিক অনশন কাম্য।
ধনু (২১ নভেম্বর-২০ ডিসেম্বর) জাতকের জন্মকুণ্ডলীতে রবিগ্রহের অবস্থানের ফলে সময়টা রৌদ্রছায়ার মাঝে কেটে যাবে। ক্ষণিক লাভ ক্ষণিক ক্ষতি এরূপে দিনাতিপাত হবে।
মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি) চন্দ্রের সপ্তমবর্গে জাতকের জন্মকুণ্ডলী অনুযায়ী বিন্দুপাত ও সংখ্যাপাত বিচারে দেখা যায় স্ত্রীর প্রবাসী কোনো বন্ধুর দ্বারা সম্পদ লাভের যোগ রয়েছে।
কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি) জাতকের জন্মকুণ্ডলীতে শনিগ্রহের অবস্থানের ফলে বামাবর্তে গণনা করে দেখা যায় যে বন্ধু-বান্ধবীর সাহায্যে কাঙ্ক্ষিত চাকরি লাভের সম্ভাবনা রয়েছে।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ) বিন্দুপাত ও সংখ্যাপাত দৃষ্টে বৃহস্পতির পঞ্চমবর্গে অবস্থানের ফলে দেখা যায় যে জাতক নিকট কোনো আত্মীয়ার সাহায্যে শীতবস্ত্রাদি লাভ করবেন।
