ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির কার্যকরী পরিষদ নির্বাচন-২০২২ এ ১৫টি পদের মধ্যে বিএনপি সমর্থিত সমন্বিত আইনজীবী ঐক্য পরিষদ সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সাতটি পদে বিজয়ী হয়েছে। আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ সহ-সম্পাদকসহ আটটি পদে বিজয়ী হয়েছে।
শুক্রবার সকালে আইনজীবী সমিতি মিলনায়তনে বেসরকারিভাবে নির্বাচনী ফলাফল ঘোষণা করেন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা অ্যাডভোকেট এমদাদুল হক মিল্লাত।
সভাপতি পদে বিএনপিপন্থী সমন্বিত আইনজীবী ঐক্য পরিষদের অ্যাডভোকেট নুরুল হক ৪৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আওয়ামীপন্থী সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের অ্যাডভোকেট বিকাশ চন্দ্র রায় পেয়েছেন ৩৯৫ ভোট।
সাধারণ সম্পাদক পদে ঐক্য পরিষদের অ্যাডভোকেট এসআইএম মঞ্জুরুল হক বাচ্চু ৪৩২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী সমন্বয় পরিষদের অ্যাডভোকেট আবুল কালাম পেয়েছেন ৩৯২ ভোট।
বিএনপিপন্থী প্যানেলে বিজয়ী অন্যরা হলেন- সহ-সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, অ্যাডভোকেট আজহারুল হক, সহ-সম্পাদক অ্যাডভোকেট মাজেদুল করিম সজল, অডিটর অ্যাডভোকেট মো. ওবায়দুল হক এবং সদস্য অ্যাডভোকেট নুরে আলম রিপন।
আওয়ামীপন্থী প্যানেল থেকে নির্বাচিত অন্যরা হলেন- সহ-সম্পাদক অ্যাডভোকেট ড. মো. আব্দুল্লাহ আল বাকী, অ্যাডভোকেট মো. আব্দুল্লাহ, সদস্য অ্যাডভোকেট হাবিবুর রহমান, অ্যাডভোকেট মারুফ রায়হান খান, অ্যাডভোকেট মোহাম্মদ সেকান্দর আলী, অ্যাডভোকেট মুক্তারা খাতুন মনি, অ্যাডভোকেট মো.সালাহ উদ্দিন আল রাশিদ ও অ্যাডভোকেট মাহবুব আল মামুন।
এর আগে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৯৪৭ ভোটের মধ্যে ৮৫৮ ভোট পড়েছে।
