নানা অভিযোগের ভেতরেই শেষ হলো শিল্পী সমিতির নির্বাচনের ভোটগ্রহণ

আপডেট : ২৮ জানুয়ারি ২০২২, ০৬:৪০ পিএম

শুক্রবার সকাল সোয়া ৯টা থেকে শুরু হয় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২০২৪ কার্যমেয়াদের নির্বাচন। ভোটগ্রহণ বিকেল ৫টায় শেষ হওয়ার কথা থাকলেও তা বাড়িয়ে সাড়ে ৫টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়।

নির্বাচনের আগের দিন রাত থেকেই নানা অভিযোগ উঠছিল প্রার্থী ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে। এর ভেতর শিল্পী সমিতির সদস্য ছাড়া অন্য ১৭ সংগঠনের কোনো সদস্য এফডিসিতে প্রবেশ করতে পারবে না। পরে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ১৭ সংগঠনের নেতারা বৈঠকের পর তাদের এফডিসিতে প্রবেশের নির্দেশনা দেওয়া হলেও শুক্রবার সারা দিন অন্য সংগঠনের সদস্যরা এফডিসিতে প্রবেশ করতে পারেনি। এ নিয়ে ইতিমধ্যেই হুঁশিয়ারি উচ্চারণ করেছে ১৭ সংগঠনের নেতারা। কোনো কোনো নেতা জায়েদ খানের বিরুদ্ধে আঙুলও তুলেছেন। এ দিন দুপুরে সাধারণ সম্পাদক প্রার্থী নিপুণ তার প্রতিদ্বন্দ্বী জায়েদ খানের বিরুদ্ধে অভিযোগ তোলেন জায়েদ খান ভোটারদের টাকা দিচ্ছেন। যদিও জায়েদ খান এই অভিযোগ নাকচ করেছেন। এদিকে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সাংবাদিকেরাও অভিযোগ তুলেছেন, তারা বলেছেন অনেক ইউটিউবাররা এফডিসিতে প্রবেশের কার্ড পেলেও মূল ধারার অনেক পত্রিকার চলচ্চিত্র সাংবাদিক এফডিসিতে প্রবেশের কার্ড পাননি।

এসব অভিযোগের ভেতর দিয়েই নির্বাচন শেষ হলো। এবার ভোট গণনার পালা। নির্বাচন কমিশন সূত্রে জানা যায় আনুমানিক ৩৬৫টি ভোট গ্রহণ হয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে ফল প্রকাশ করতে করতে গভীর রাত হয়ে যেতে পারে।

ইলিয়াস কাঞ্চন সভাপতি ও নিপুণ আক্তার সাধারণ সম্পাদক পদে নির্বাচন করছেন। এ প্যানেল থেকে সহসভাপতি পদে চিত্রনায়ক রিয়াজ আহমেদ ও ডি.এ তায়েব, সহসাধারণ সম্পাদক চিত্রনায়ক সাইমন সাদিক, সাংগঠনিক সম্পাদক অভিনেত্রী শাহনুর, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক চিত্রনায়ক নিরব হোসেন, দপ্তর ও প্রচার সম্পাদক অভিনেতা আরমান, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক চিত্রনায়ক মামনুন হাসান ইমন ও কোষাধ্যক্ষ পদে নির্বাচন করবেন অভিনেতা আজাদ খান নির্বাচনে প্রার্থী হয়েছেন। এই প্যানেলের কার্যকরী পরিষদের সদস্য পদে প্রার্থী হচ্ছেন অমিত হাসান, চিত্রনায়ক ফেরদৌস, চিত্রনায়ক শাকিল খান, অভিনেতা নানা শাহ, কমেডিয়ান আফজাল শরীফ, খল-অভিনেতা সাংকো পাঞ্জা, অভিনেত্রী জেসমীন, চিত্রনায়িকা কেয়া, পরীমনি, খল-অভিনেতা গাঙ্গুয়া ও সীমানা।

অপর প্যানেলে সভাপতি পদে মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক পদে জায়েদ খান। এই প্যানেলে সহসভাপতি পদে লড়ছেন মনোয়ার হোসেন ডিপজল ও রুবেল, সহসাধারণ সম্পাদক সুব্রত, সাংগঠনিক সম্পাদক আলেকজান্ডার বো, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জয় চৌধুরী, দপ্তর ও প্রচার সম্পাদক জেকে আলমগীর, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক জাকির হোসেন, কোষাধ্যক্ষ ফরহাদ। এই প্যানেলের কার্যকরী পরিষদের সদস্য পদে প্রার্থী হচ্ছেন রোজিনা, অঞ্জনা, সুচরিতা, অরুনা বিশ্বাস, মৌসুমী, আসিফ ইকবাল, বাপ্পারাজ, আলীরাজ, নাদের খান ও হাসান জাহাঙ্গীর।

এছাড়াও কার্যনির্বাহী সদস্য পদে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন ডন ও হরবোলা। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত