কোয়ার্টার ফাইনালে দুই সেটে পিছিয়ে পড়েও মহাকাব্যিক কামব্যাকে অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে নিজের জায়গা পাকা করেছিলেন দানিল মেদভেদেভ। তবে সেমিফাইনালে তেমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়নি। চার সেটের লড়াইয়ে স্তেফানোস সিৎসিপাসকে হারিয়ে বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে পৌঁছলেন ২৫ বছর বয়সী তারকা।
মেলবোর্নে শুক্রবার দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটিতে চার সেটের লড়াই হয় রাশিয়ান টেনিস তারকা মেদভেদেভ ও গ্রিসের সিৎসিপাসের মধ্যে। তবে শেষ পর্যন্ত ৭-৬ (৫), ৪-৬, ৬-৪, ৬-১ ব্যবধানে জয় ছিনিয়ে নেন রাশিয়ান তারকা।
রবিবার শিরোপা নির্ধারণী ম্যাচে যিনি খেলবেন রাফায়েল নাদালের বিপক্ষে। শুক্রবারই প্রথম সেমিফাইনালে মাত্তেও বেরাত্তিনিকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেন নাদাল।
এই নিয়ে টানা দ্বিতীয়বারের জন্য অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে পৌঁছে গেলেন মেদভেদেভ। ২০২১ সালে নোভাক জকোভিচের বিরুদ্ধে হারতে হয়েছিল তাকে। এ বার যদিও সুযোগ রয়েছে নাদালকে হারিয়ে প্রথমবার রড লেভার এরিনায় শিরোপা জেতার।
তবে নাদালও আছেন দুর্দান্ত ছন্দে। এ আসরে শিরোপা জিতলেই যিনি সর্বোচ্চ গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ড একার করে নেবেন।
