সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলা ও টিকা নেয়ার আহ্বান হেফাজতের

আপডেট : ২৮ জানুয়ারি ২০২২, ০৯:৩৪ পিএম

করোনা মহামারির সংক্রমণ পরিস্থিতিতে মুসল্লিদের স্বাস্থ্যবিধি মানাসহ ভ্যাকসিন নেয়ার আহ্বান জানিয়েছে হেফাজতে ইসলাম।

করোনার প্রকোপসহ সব বিপদাপদ ও বালামুসিবত থেকে দেশ ও জাতির মুক্তি কামনায় শুক্রবার (২৮ জানুয়ারি) বাদ জুমা হেফাজতে ইসলামের উদ্যোগে ঢাকা ও চট্টগ্রামসহ দেশব্যাপী মসজিদে মসজিদে বিশেষ দোয়া-মোনাজাত কর্মসূচি পালন করা হয়।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে হেফাজতে ইসলামের মহাসচিব ও হাইয়াতুল উলইয়ার কো-চেয়ারম্যান শায়খ সাজিদুর রহমান বাদ জুমা জামিয়া দারুল আরকাম আল-ইসলামিয়া ব্রাহ্মণবাড়িয়া জামে মসজিদে বিশেষ দোয়া-মোনাজাত পরিচালনা করেন।

তিনি করোনা মহামারির প্রকোপ এবং সকল বিপদাপদ, দুর্যোগ, যাবতীয় অসুস্থতা ও রোগ ব্যাধি থেকে দেশের মানুষের মুক্তি ও সুরক্ষায় মোনাজাত করেন।

এর আগে জুমা পূর্ব আলোচনায় হেফাজত মহাসচিব মুসল্লিদের স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মেনে চলার এবং সবাইকে করোনার ভ্যাকসিন গ্রহণের আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, করোনা থেকে সুরক্ষা ও পরিত্রাণ পেতে চাইলে আমাদের সবার আগে আল্লাহর কাছে ফিরে আসতে হবে। আল্লাহর ওপর ইয়াকিন-বিশ্বাস ও ভরসাকে মজবুত করতে হবে। সেই সঙ্গে আমাদের আমলকে পরিশুদ্ধ এবং সকল গুনাহ ও অন্যায় কর্মকাণ্ড পরিহার করে কল্যাণকর কাজে মনোযোগ দিতে হবে। তাহলেই আমরা কোরআনের ওয়াদা মতো ‘হায়াতুন তাইয়িবা’ বা নিরাপদ, নির্বিঘ্ন ও বিপদমুক্ত জীবন লাভের বরকত অর্জন করতে পারব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত