ভারতে বেকারদের বিক্ষোভ, সরকারের জন্য অশনিসংকেত!

আপডেট : ২৮ জানুয়ারি ২০২২, ০৯:৫৭ পিএম

ভারতে বেকার সমস্যা ভয়াবহ আকার ধারণ করেছে। সম্প্রতি ভারতীয় রেলে ৩৫ হাজার শূন্য পদের জন্য আবেদন জমা পড়ে এক কোটিরও বেশি। রেলের পরীক্ষায় দুর্নীতির অভিযোগে তরুণেরা সেদেশে বিক্ষোভ করেছে।

ওই বিক্ষোভে সবচেয়ে বেশি অংশ নিয়েছেন বিহার আর উত্তর প্রদেশের বেকার তরুণেরা। পরে চাকরিকে কেন্দ্র করে এই দাঙ্গা ছড়িয়ে পড়েছে প্রায় বারোটির মতো জেলায়।

বিক্ষুব্ধ পরীক্ষার্থীরা বলছেন, নিয়োগ প্রক্রিয়া ছিল অস্বচ্ছ এবং সমস্যা জর্জরিত। যাদের পদের জন্য যোগ্যতা বেশি, তাদেরও কম যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের সঙ্গে একসঙ্গে আবেদনের সুযোগ দেয়া হয়েছিল। এর ফলে তৈরি হয় হতাশা। হতাশা রূপ নেয় ক্ষোভে এবং ক্ষোভ থেকে ছড়িয়ে পড়ে সহিংসতা।

তরুণদের এই প্রতিবাদকে অনেকে বেকারত্ব তরুণ প্রজন্মের ওপর যে অভিঘাত সৃষ্টি করেছে, তারাই বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন। নানা দিক দিয়ে, এই তরুণের ক্ষোভ এবং সাম্প্রতিক সহিংস বিক্ষোভ ভারতে বেকারত্বের চরম সংকটকে সামনে এনেছে।

জানা গেছে, এ সপ্তাহে ভারতীয় রেলে নিযুক্তির একটি পরীক্ষায় অনিয়মের অভিযোগে দেশটির কয়েকটি রাজ্যে প্রধানত নেতৃত্ববিহীন এবং স্বতঃস্ফূর্ত যেসব দাঙ্গা হয়েছে, তাতে এটা স্পষ্ট যে ভারতের রাজনৈতিক দলগুলো চাকরির সংকট যে কী ধরনের সমস্যা হয়ে উঠছে তা বুঝতে ব্যর্থ হয়েছে।

বিহারের বিক্ষোভকারী শিক্ষার্থীরা বলছেন সামাজিক মাধ্যমে তাদের প্রতিবাদ ও ক্ষোভে কেউ কর্ণপাত না করায় তারা পথে নামতে বাধ্য হয়েছেন।

ভারতের বিভিন্ন শহরে চালানো সমীক্ষায় দেখা গেছে, বেকারত্বের কারণে পারিবারিক সহিংসতা অনেক বেড়ে গেছে।

এর আগে ১৯৭৫ সালে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী যে গণ-অসন্তোষ দমনে জরুরি অবস্থা জারি করেছিলেন - নাগরিকের স্বাধীনতার অধিকার কেড়ে নিয়ে হাজার হাজার মানুষকে কারাবন্দী করেছিলেন। সেই অসন্তোষের সূত্রপাত হয়েছিল চাকরির অভাব এবং চড়া মূল্যবৃদ্ধির বিরুদ্ধে বিক্ষোভের মধ্যে দিয়ে। জরুরি অবস্থার গোড়ার দিকে চালানো এক জরিপে দেখা গিয়েছিল সেসময় ১৮ থেকে ২৪ বছর বয়সী প্রায় ২৪ শতাংশ তরুণ ছিলেন বেকার।

ভারতীয় গণতন্ত্রের সেই কালো অধ্যায়ের সূচনা হয়েছিল যে প্রতিবাদ আন্দোলনের হাত ধরে, সবচেয়ে বড় সেই বিক্ষোভগুলোর বেশির ভাগই হয়েছিল ভারতের বিহার রাজ্যে।

ফলে বিহারে বেকারদের বিক্ষোভ প্রতিবাদকে অশনিসংকেত হিসেবে মনে করছে অনেকে। সূত্র: বিবিসি বাংলা

×
সর্বশেষ সর্বাধিক পঠিত