নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের বিশাল জয়ের কৃতিত্ব শামীম ওসমানকে দিয়েছেন দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল শুক্রবার সাংসদ শামীম ওসমান নিজেই দেশ রূপান্তরকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘‘গত বৃহস্পতিবার জাতীয় সংসদে সমাপনী বক্তব্য শেষে আমাকে উদ্দেশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘থ্যাঙ্ক ইউ ভেরি মাচ, অল ক্রেডিট গৌজ টু ইউ।’ এই সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার মাথায় হাত বুলিয়ে দেন।’’
শামীম ওসমান বলেন, ‘সংসদে প্রধানমন্ত্রীর পাশে উপস্থিত আইনমন্ত্রী আনিসুল হক, শেখ ফজলুল করিম সেলিম, মতিয়া চৌধুরীসহ সংসদ সদস্যরা বিষয়টি প্রত্যক্ষ করেন। মুহূর্তেই বিষয়টি নিয়ে জাতীয় সংসদে ব্যাপক আলোচনা তৈরি হয়।’
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান দেশ রূপান্তরকে বলেন, বৃহস্পতিবার ছিল নির্বাচন কমিশন আইন সংসদে পাস হওয়ার দিন। মাননীয় প্রধানমন্ত্রী তার বক্তব্যে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন নিয়ে কথা বলেন। বক্তব্য শেষ করে নিজ আসনে বসলেন। ঠিক ওনার পেছনেই ছিলেন আইনমন্ত্রী, মতিয়া আপা, আমিসহ কয়েকজন। বিরতির সময়ে আমি তার পেছনের সিটে বসা ছিলাম। ওই সময়ে আমার পাশে আইনমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। একপর্যায়ে প্রধানমন্ত্রী ঘুরে পেছনে তাকান। তখন আমাকে দেখে বলেন, ‘অল থ্যাঙ্কস টু ইউ’। তিনি আবার বলেন, ‘শামীম ওসমান তোমাকে থ্যাঙ্কস, অল ক্রেডিট গৌজ টু ইউ’।
গত ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী সেলিনা হায়াৎ আইভী বিপুল ভোটে জয়লাভ করেন।
