সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা ও পৌর ছাত্রলীগের বিরুদ্ধে চাঁদা চাওয়ার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার উপজেলা পরিষদের সভা কক্ষে মাসিক আইনশৃঙ্খলা ও সমন্বয় সভা চলাকালে দুই ইউপি চেয়ারম্যান এই অভিযোগ উত্থাপন করেন।
তারা বলেন, কক্সবাজারে ঘুরতে যাওয়ার জন্য ছাত্রলীগের নেতারা তাদের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেছেন।
অভিযোগকারী দুই ইউপি চেয়ারম্যান হলেন- রাজাপুর ইউপি চেয়ারম্যান সোনিয়া ছবুর আকন্দ এবং দৌলতপুর ইউপি চেয়ারম্যান আশিকুর রহমান লাজুক বিশ্বাস।
এ বিষয়ে সোনিয়া ছবুর আকন্দ বলেন, বেলকুচি পৌর ছাত্রলীগের সভাপতি আক্তার হামিদ আমাকে ফোন করে কক্সবাজার ঘুরতে যাওয়ার জন্য টাকা চান।
আশিকুর রহমান লাজুক বিশ্বাস বলেন, বেলকুচি উপজেলা ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমার কাছে কক্সবাজার ঘুরতে যাওয়ার জন্য ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন।
এ বিষয়ে বেলকুচি উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি দেলখোশ আলী প্রামাণিক তাৎক্ষণিক আইন-শৃঙ্খলা মিটিংয়ে বক্তব্যে বলেন, দোষী সাব্যস্ত হলে আমাদের এমপি মহোদয়ের সঙ্গে আলোচনা করে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে বেলকুচি উপজেলা ছাত্রলীগের সভাপতি রবিন হাসান রকি বলেন, এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং ষড়যন্ত্রমূলক।
উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবের সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেননি।
এই অভিযোগের বিষয়ে বেলকুচি পৌর ছাত্রলীগের সভাপতি আকতার হামিদ এ কাছে জানতে চাইলে তিনি বিষয়টি অস্বীকার করেন।
