ইতালির বর্তমান করোনা রোগীদের ৯৬ শতাংশই ওমিক্রনে আক্রান্ত। গত ১৭ জানুয়ারি দেশটির জাতীয় স্বাস্থ্যসেবা দপ্তর ন্যাশনাল হেলথ ইনস্টিটিউটের (আইএসএস) সর্বশেষ জরিপে এ তথ্য উঠে এসেছে বলে জানিয়েছে এএফপি। গত শুক্রবার এক বিবৃতিতে আইএসএসের পক্ষ থেকে বলা হয়, ‘গত ১৭ জানুয়ারি, আমাদের সর্বশেষ জরিপে দেখা গেছে; এই মুহূর্তে ইতালির করোনা রোগীদের ৯৫ দশমিক ৮ শতাংশই ওমিক্রনে আক্রান্ত, বাকি ৪ দশমিক ২ শতাংশ আক্রান্ত ডেল্টায়।’ এর আগের আইএসএস জরিপটি হয়েছিল গত ৩ জানুয়ারি। সেখানে দেখা গিয়েছিল মোট করোনা রোগীর ৮১ শতাংশ ওমিক্রনে আক্রান্ত। ইতালির ২০টি প্রদেশের সবগুলোর করোনা সংক্রমণের তথ্য বিশ্লেষণ করে এই তথ্য জানা গেছে বলে বিবৃতিতে জানিয়েছে আইএসএস। গত বছর ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত হয় ওমিক্রন, যা ইতিমধ্যে করোনাভাইরাসের সবচেয়ে সংক্রামক রূপান্তরিত ধরনের স্বীকৃতি পেয়েছে। বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে, মূল করোনাভাইরাসের চেয়ে ৭০ গুণ দ্রুতগতিতে ছড়িয়ে পড়া ও বংশবিস্তারে সক্ষম ওমিক্রন। চলতি সপ্তাহে এক প্রতিবেদনে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, বর্তমানে বিশ্বের মোট করোনা রোগীর ৮৯ দশমিক ১ শতাংশ ওমিক্রনে আক্রান্ত, অন্যদিকে এই ভাইরাসটির অপর ধরন ডেল্টায় আক্রান্ত রোগীর শতকরা পরিমাণ ১০ দশমিক ৭ শতাংশ।
×
