যুক্তরাজ্যের ক্যামব্রিজশায়ারের ছোট্ট শহর মার্চ। শহর ঘিরে ফসলি জমি আর মাঝে মাঝে কয়েকটি বড় গাছের সঙ্গে গুল্মের ঝোপঝাড়। ঠিক বন বলতে যা বোঝায় তা কিছুই নেই ছোট্ট এই শহরে। কিন্তু এই শহরের হারানো এক পোষা বিড়াল ছয় বছর বুনো পরিবেশে থেকে ফিরেছে মালিকের কাছে।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, শহরের এক পাশের একটি বাড়িতে থাকতেন নিক্কি রোজ ও তার পরিবার। ২০১৬ সালের শুরুর দিকে সেই বাড়িটি বদলে শহরের অন্যপাশের নতুন বাড়িতে ওঠেন তারা। কিন্তু বাড়ি বদলের সময় হারিয়ে যায় রোজের প্রিয় পোষা বিড়াল মার্কো। পুরনো বাড়িতে বারবার গিয়ে কিংবা অনলাইনে হারানো পোষা প্রাণীদের সন্ধানের ওয়েবসাইটগুলোতে ছবি পোস্ট করেও পাননি মার্কোর খোঁজ। তবে আশা ছেড়ে দেননি রোজ। সব সময় বিশ্বাস রেখেছেন যে, মার্কো বেঁচে আছে। আশা করেছেন কোনো একদিন ফের দেখা পাবেন প্রিয় পোষ্যের। দীর্ঘ ছয় বছর পর সম্প্রতি সেই মার্কোকে ফিরে পেয়েছেন রোজ।
বিবিসি জানাচ্ছে, ওয়েবসাইটগুলোতে দেওয়া ছবির সূত্র ধরেই বাড়ি থেকে মাত্র আধা মাইল দূরেই খোঁজ মিলেছে মার্কোর। তবে ছয় বছর আগে হারিয়ে যাওয়া মার্কোর সঙ্গে এর যেন কোনো মিল নেই! পুরোপুরি বুনো হয়ে গেছে সে। আচরণ, খাদ্যাভ্যাস সবই বন্য। তবে চোখ আর মুখ দেখে ঠিকই চিনেছেন রোজ এই তার প্রিয় মার্কো।
উদ্ধারের পর অবশ্য তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে একটি খাঁচায় রাখা হয়েছে। টিকাকরণসহ আর কিছু পর্যবেক্ষণের পর পরিবারের সঙ্গে খাপ খাওয়ানোর চেষ্টা করা হবে বলে জানিয়েছেন রোজ।
রোজ বিবিসিকে বলেন, ছোটবেলা থেকেই মার্কো বাড়িতেই থাকত। কদাচিৎ সে বাইরে যেতে চাইত। তাই হারিয়ে যাওয়ার পর ওকে নিয়ে বেশ চিন্তায় ছিলাম। কিন্তু অনেকবার পুরনো বাড়িতে গিয়ে, অনলাইনে ছবি পোস্ট করেও তার খোঁজ পাইনি।’
রোজ জানান, সম্প্রতি জুলি হোল্ডার নামে এক নারী ওকে তার বাড়ির উঠানে পেয়েছেন। পরে নিজের পোষ্যদের সঙ্গেই রাখেন। এর মধ্যে রোজের দেওয়া বিজ্ঞাপনের ছবির সঙ্গে মিল খুঁজে পেয়ে যোগাযোগ করেন। পরে সেখানে গিয়ে দেখা পান মার্কোর।
