ফেসবুকে তরুণীকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবকের ১০ বছর জেল

আপডেট : ৩০ জানুয়ারি ২০২২, ০৪:১২ পিএম

ফেসবুকে তরুণীকে নিয়ে আপত্তিকর পোস্ট দেওয়ায় নওগাঁর মান্দার যুবক সোহেল রানাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।

রায়ে আসামিকে ১০ লাখ টাকা জরিমানাও করেছেন রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের বিচারক জিয়াউর রহমান।

রবিবার দুপুরে এই রায় ঘোষণা করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) ইসমত আরা।

আদালত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন-২০০৬ এর ৫৭ ধারায় এই সাজার রায় দেন।

রায় ঘোষণার সময় আসামি সোহেল রানা আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে রাজশাহী কারাগারে পাঠানো হয়।

সাজাপ্রাপ্ত যুবক সোহেল রানার (২২) বাড়ি নওগাঁ জেলার মান্দা উপজেলার পাকুড়িয়া উত্তরপাড়া গ্রামে। তার বাবার নাম শাহাদৎ হোসেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত আরা বলেন, এ মামলায় বাদী ও ভিকটিমসহ ছয়জন সাক্ষীর জবানবন্দি রেকর্ড করা হয়। এতে অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় সোহেলকে ৫৭ ধারায় দোষী সাব্যস্ত করে সাজা দেয়া হয়েছে। রায় ঘোষণার পর সোহেলকে কারাগারে পাঠানো হয়।

ইসমত আরা জানান, বখাটে যুবক সোহেল একই গ্রামের অবসরপ্রাপ্ত জনৈক শিক্ষকের কলেজ পড়ুয়া মেয়েকে (১৮) প্রেমের প্রস্তাবসহ বিভিন্ন ধরনের কু-প্রস্তাব দিয়ে ব্যর্থ হয়। এরপর ২০১৮ সালের ৪ মে রাত পৌনে ৯টার দিকে ওই কলেজছাত্রীকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কু-রুচিপূর্ণ পোস্ট দেন।

এছাড়াও কু-রুচিপূর্ণ মন্তব্য করে মোবাইলেও এসএমএস পাঠায়। এ অবস্থায় একই বছর ১৪ জুন মান্দায় থানায় ৫৭ ধারায় একটি মামলা দায়ের করে মেয়েটির বাবা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত