করোনা পজিটিভ হয়ে ১০ দিন আইসোলেশনে থাকার পর উপসর্গ না থাকলে নেগেটিভ সনদ ছাড়াই কাজে ফেরা যাবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
রবিবার বেলা দুইটায় ভার্চ্যুয়াল স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর (সিডিসি) অধ্যাপক মো. নজরুল ইসলাম।
তিনি বলেন, ‘যাদের করোনা পজিটিভ হয়েছে, তাদের ১০ দিনের জন্য আইসোলেশন করতে বলব। ১০ দিন পর জ্বর ভালো হয়ে গেলে, উপসর্গ চলে গেলে তিনি আবার তার কাজে ফিরে যাবেন। কাজে ফিরে যাওয়ার শর্ত হিসেবে আগে আরটিপিসিআর সনদ নিয়ে যেতে হতো, সেটিকে আপাতত স্থগিত রাখছি।’
আক্রান্তের হওয়ার ছয় সপ্তাহ পর বুস্টার ডোজ নেওয়া যাবে জানিয়ে তিনি বলেন, যারা বুস্টার ডোজের জন্য অপেক্ষা করছেন, যাদের খুদে বার্তা এসেছে বা আসবে, অথচ করোনায় আক্রান্ত হয়েছেন, তারা করোনায় সংক্রমিত হওয়ার ছয় সপ্তাহ পর বুস্টার ডোজ গ্রহণ করবেন।
এদিকে আজকে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, ৪০ বছর বা তার বেশি বয়সীদের বুস্টার ডোজ দেওয়া হবে।
মো. নজরুল ইসলাম বলেন, করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর হার ১ দশমিক ৬০। শনাক্ত ১৪ দশমিক ৩১ শতাংশ। সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন ৮৮ শতাংশের বেশি। সব মিলিয়ে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৬৩ হাজারের বেশি মানুষ।
গত ২৪ ঘণ্টায় ২১ জন মারা গেছেন। গতকাল শনিবার পর্যন্ত ২৮ হাজারের বেশি মানুষ মারা গেছেন বলেও জানান মো. নজরুল ইসলাম।
