সম্প্রতি বলিউডে কান পাতলেই সুজান খানের প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছিল। সাবেক স্ত্রী’র নতুন সম্পর্কে জড়ানোর খবরের মাঝেই এবার হৃতিক রোশনকে দেখা গেল এক রহস্যময়ী নারীর সঙ্গে। তাও আবার ডিনার ডেটে। পাপ্পারাজিদের লেন্সবন্দি সেই মুহূর্ত নিয়ে এখন নেটদুনিয়ায় শোরগোল। মাস্কে ঢাকা মুখ। রহস্যময়ী নারীর হাতে হাত। গাড়ির দরজা খুলে দেওয়া। কিছুই নজর এড়াল না! অতঃপর অনুরাগীরা প্রশ্ন তুলেছেন, তাহলে কি হৃতিক রোশন আবার নতুন করে প্রেমে পড়লেন?
২০১৪ সালে সুজান খানের সঙ্গে বিয়েবিচ্ছেদের পর কঙ্গনা রানাউতের সঙ্গে হৃতিক রোশনের সম্পর্কের গুঞ্জন শোনা গিয়েছিল। পরে অবশ্য অভিনেত্রী নিজেও বিস্ফোরক অভিযোগ তুলে আইনের দ্বারস্থ হয়েছিলেন। তবে তার মাঝেও প্রাক্তন স্ত্রী সুজানের সঙ্গে অভিনেতার বন্ধুত্ব অটুট থেকেছে। এখনও হৃতিকের বাড়ির যে কোনও অনুষ্ঠানে সাদরে তাকে দেখা যায়। দুই তারকা অবশ্য আগেই স্বীকার করে নিয়েছেন যে, সন্তানদের জন্যই তারা একে-অপরের সঙ্গে বন্ধুত্ব রেখেছেন। এর মাঝেই সুজানের সঙ্গে একাধিক পুরুষের নাম জড়িয়েছে। এবার হৃতিককে দেখা গেল এক নারীর হাত ধরে রেস্তরাঁ থেকে বেরোতে।
শুক্রবার রাতে বান্দ্রার এক রেস্তরাঁয় ওই নারীর সঙ্গে নৈশভোজ সারতে গিয়েছিলেন হৃতিক। তখন থেকেই ওঁৎ পেতে ছিলেন পাপ্পারাজিরা। সেখান থেকে যখন বের হন অভিনেতা। দেখা যায়, মুখে মাস্ক পরা এক নারীর হাত ধরে বের হচ্ছেন তিনি। তবে পাপ্পারাজিদের দেখে বিন্দুমাত্র বিরক্ত হননি। এমনকী, ওই নারীর হাতও ছেড়ে দেননি। প্রত্যক্ষদর্শীদের উদ্দেশে হাত নেড়ে অভিবাদনও জানিয়েছেন।
কিন্তু কে এই রহস্যময়ী? নেটদুনিয়ায় চুলচেরা বিশ্লেষণ। কেউ বলছেন ওই নারীর নাম সাবা আজাদ। যিনি ২০১১ সালে মুঝসে ফ্রেন্ডশিপ করোগে সিনেমার মূল চরিত্রে অভিনয় করেছিলেন। আবার কেউ বা প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন, ইনি কি হৃতিকের নয়া প্রেমিকা? ভাইরাল ভিডিও নিয়ে জল্পনা তুঙ্গে পৌঁছালেও বলিউড সুপারস্টার এইপ্রসঙ্গে এখনও কোনওরম মন্তব্য করেননি।
বলিউডের গ্রিক গড খ্যাত সুপারস্টার হৃতিক রোশন জীবনের ৪৮তম বছর পার করছেন। আশির দশকে শিশুশিল্পী হিসেবে কয়েকটি সিনেমায় কাজ করেছিলেন। তবে নায়ক হিসেবে হৃতিকের অভিষেক হয় ২০০০ সালে ‘কাহো না পেয়ার হ্যায়’ সিনেমার মাধ্যমে। অর্থাৎ বলিউডে নায়ক হৃতিকের ২২ বছর চলমান।
সিনেমায় অভিষেকের বছর বিয়েও করে ফেলেন হৃতিক। ফ্যাশন ডিজাইনার সুজান খানের সঙ্গে শুরু করেন দাম্পত্য জীবন। সংসার আলো করে আসে দুই সন্তান। কিন্তু দীর্ঘ ১৪ বছর পর বিবাহবিচ্ছেদ করেন হৃতিক-সুজান। ২০১৪ সালে তাদের বিচ্ছেদ হয়।
বিচ্ছেদের পর কারো সঙ্গে হৃতিকের সম্পর্কে জড়ানোর কথা শোনা যায়নি। অবশেষে সাবা আজাদ নামে এই তরুণী তার মন জিতে নিলেন। যিনি হৃতিকের চেয়ে ১৬ বছরের ছোট।
সাবা আজাদ বলিউডের তরুণ অভিনেত্রী। ইতোমধ্যে কয়েকটি ওয়েব সিরিজে কাজ করেছেন। কিছুদিন ধরে তার সঙ্গেই হৃতিক মেলামেশা করছেন বলে গুঞ্জন। হৃতিকের এক ঘনিষ্ঠ বন্ধুর বরাতে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, হৃতিক সবসময় ব্যক্তিগত জীবনের খবরাখবর গোপন রাখতে চান। এ কারণে সাবা আজাদের বিষয়টিও প্রকাশ্যে আনতে চাইছেন না। তবে এবার হয়ত সেই সময় এসেছে। যদিও হৃতিক কিংবা সাবা আজাদ কেউই বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেননি।
