ফাফ ডু প্লেসি ও ক্যামরুন ডেলপোর্টের বিধ্বংসী ব্যাটিংয়ের সুবাদে বড় সংগ্রহ পেয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ৩ উইকেটে ১৮৩ রান করেছে ইমরুল কায়েসের দল।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে ব্যাটিং নেমে শুরুতেই ওপেনার মাহমুদুল হাসান জয়কে (১) হারায় কুমিল্লা। এরপর ডু প্লেসিকে নিয়ে ৮০ রানের জুটি গড়েন আরেক ওপেনার লিটন দাস।
ফিফটি থেকে তিন রান দূরে রাখতে নাসুম আহমেদের বলে সাব্বির রহমানের হাতে বন্দী হন এই উইকেটরক্ষক। তার ৩৪ বলে ৪৭ রানের ইনিংসটি সাজানো ছিল ৫ চার ও ১ ছয়ে। লিটনের আগে জয়কেও সাজঘরে ফেরান নাসুম।
এরপর স্কোরবোর্ডে মাত্র ২ রান জমা পড়তেই অধিনায়ক ইমরুলকে (১) বোল্ড করেন বেনি হাওয়েল। ডেলপোর্ট নামার পর ঝড় বইয়ে দেন ডু প্লেসি। দুজনে নিরবিচ্ছিন্ন জুটিতে করেন ৪৯ বলে ৯৭ রান।
ডু প্লেসির ৫৫ বলে অপরাজিত ৮৩ রানের ইনিংসটি সাজানো ছিল ৮ চার ও ৩ ছয়ে। ডেলপোর্ট ২৩ বলে ৫১ রানের ঝোড়ো ইনিংস খেলার পথে ৪ চারের পাশাপাশি হাঁকান ৩ ছয়।
