ঠাকুরগাঁওয়ে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় মামলা

আপডেট : ৩১ জানুয়ারি ২০২২, ০৪:৩৯ পিএম

ঠাকুরগাঁওয়ে নির্বাচনী সহিংসতার প্রস্তুতির ভিডিও ধারণ ও সংবাদ সংগ্রহ করতে গিয়ে  তিনজন সংবাদকর্মীর ওপর হামলার ঘটনায় সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

সোমবার দুপুরে সাংবাদিক তানভীর হাসান (তানু) বাদী হয়ে মাসুদ রানা, রাকিব, সোহাগ, রাব্বি, গণেশ, মুন্না, স্বরুপ কুমার সেনের নামসহ ১৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৫০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

মামলার অভিযোগপত্রে বলা হয়, গত ২৯ জানুয়ারি শনিবার দুপুরে সদর উপজেলার সেনুয়া ইউনিয়ন পরিষদের নির্বাচনী সহিংসতার প্রস্তুতির ভিডিও ধারণ ও সংবাদ সংগ্রহের সময় এক চেয়ারম্যান প্রার্থীর কর্মী-সমর্থকদের হামলার শিকার হন ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের প্রতিনিধি তানভীর হাসান তানু, রাইজিং বিডির জেলা প্রতিনিধি মহিউদ্দিন তালুকদার হিমেল ও নিউজবাংলার প্রতিনিধি সোহেল রানা। 

গুরুতর আহত অবস্থায় সাংবাদিকদের উদ্ধার করে স্থানীয়রা ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করান। বর্তমানে জেলা সদর হাসপাতালে তারা চিকিৎসাধীন রয়েছেন।

মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে সদর থানার ওসি তানভীরুল ইসলাম বলেন, অভিযোগের প্রেক্ষিতে দ্রুত দোষীদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হবে।

আগামী ৭ ফেব্রুয়ারি সপ্তম ধাপের নির্বাচনে সদর উপজেলার সেনুয়া ও বড়গাঁও ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত