আমার স্বামীর কাছে সামান্থাকে ‘আবেদনময়ী’ মনে হয়েছে: প্রিয়মণি

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২২, ০৫:১৩ পিএম

অল্লু অর্জুনের ‘পুষ্পা: দ্য রাইজ’ ছবির সাফল্যে বড় ভূমিকা পালন করেছে ‘ও আন্তাভা’। শুধু গানের কথা বা সুর নয়, দক্ষিণী নায়িকা সামান্থা প্রভুর নাচ নিয়ে মাতামাতি আজও তুঙ্গে। গত ১৭ ডিসেম্বর মুক্তি পাওয়া এই ছবির গানে এখন ইনস্টাগ্রামের রিল ভিডিওর ছড়াছড়ি। সামান্থা এর আগে কোনও দিন আইটেম গানে নাচ করেননি। তার প্রথম আইটেম গান নিয়ে কী ভাবছেন আরও এক অভিনেত্রী প্রিয়মণি?

প্রিয়মণি সংবাদমাধ্যমকে বললেন, ‘প্রথম বার দেখেই মনে হয়েছে, সামান্থা তো এই ধরনের কোনও কাজ করেননি, কিন্তু আমি খুশি হয়েছি যে নিজেকে নিয়ে পরীক্ষা করেছেন তিনি। এক কথায়, ‘ও আন্তাভা’ গানে খুবই আবেদনময়ী লাগছে তাকে। কেবল আমিই নই, আমার স্বামীও এক কথা বলেছে’।

অভিনেত্রী একই সঙ্গে গীতিকার দেবী শ্রী প্রসাদকে এমন গান সৃষ্টির জন্য সাধুবাদ জানালেন।

দক্ষিণী ইন্ডাস্ট্রির এক ব্যক্তি এর আগেই সংবাদমাধ্যমকে বলেন, ‘ওই গানের জন্য সামান্থা প্রচুর টাকা পারিশ্রমিক নিয়েছে। ও প্রথমে রাজি হচ্ছিল না। ছবির নায়ক অল্লু অর্জুন শেষমেশ ওকে রাজি করায়’।

অন্য দিকে তেলেগু, কন্নড়, মালয়ালম ছবির ব্যস্ত নায়িকা প্রিয়মণিকে কিছু দিনের মধ্যেই দেখা যাবে অজয় দেবগণের বিপরীতে, ‘ময়দান’ ছবিতে। আর মুক্তির অপেক্ষায় আছে রানা ডগ্গুবাতির সঙ্গে দক্ষিণী ছবি ‘বিরাট পর্বম’।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত