সিরাজগঞ্জ-রায়গঞ্জ আঞ্চলিক সড়কে ট্রাকচাপায় ব্যাটারিচালিত ইজিবাইকের ২ যাত্রী নিহত ও ৩ যাত্রী আহত হয়েছেন।
রায়গঞ্জ উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নের হাসিল কড়িতলা এলাকায় বুধবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ইজিবাইক চালক ছোনগাছা ইউনিয়নের নওদা ফুলকোচা গ্রামের গোবিন্দনাথ হালদারের ছেলে মানিক হালদার (৬০) ও টাঙ্গাইল জেলার সদর উপজেলার কাঠুয়া যোগনি গ্রামের মৃত নব কুমারের ছেলে দীনেশ কুমার (৩৫)।
এ বিষয়ে রায়গঞ্জ থানার শহীদুল ইসলাম জানান, সকালে মাছ ব্যবসায়ীরা একটি ব্যাটারিচালিত ইজিবাইকে করে সিরাজগঞ্জ শহরের দিকে যাচ্ছিলেন।
ইজিবাইকটি হাসিল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ২ যাত্রী নিহত হয়। আহত হয়েছেন আরও ৩ জন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।
খবর পেয়ে পুলিশ গিয়ে দুর্ঘটনাকবলিত ট্রাক ও ইজিবাইক জব্দ করে থানায় নিয়ে গেছে। ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
