৫ বছরের কম বয়সীদের জন্য টিকার অনুমোদন চেয়েছে ফাইজার

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২২, ০১:২৩ পিএম

ফাইজার ও বায়োএনটেক মঙ্গলবার বলেছে, তারা ছয় মাসের বেশি ও পাঁচ বছরের কম বয়সের শিশুদের তাদের তৈরি কভিড টিকা ব্যবহারের জন্য মার্কিন স্বাস্থ্য কর্তৃপক্ষের জরুরি অনুমোদনের আবেদন করছে।

বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে জানায়, দেশটির ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) দুই ডোজ টিকার অনুমোদন দিলে তা হবে যুক্তরাষ্ট্রে এ বয়স গ্রুপের শিশুদের জন্য প্রথম কভিড টিকা।

টিকা প্রস্তুতকারক কোম্পানি দুটি জানায়, এফডিএ অনুরোধ জানানোর পর তারা আনুষ্ঠানিক আবেদন জমা দেওয়ার কাজ শুরু করেছে।

টুইটারে দেওয়া এক বার্তায় এফডিএ জানায়, তারা এ আবেদন বিবেচনা করার ব্যাপারে দুই সপ্তাহের মধ্যে বৈঠক করবে।

এফডিএ’র ভারপ্রাপ্ত প্রধান জানেট উড কক বলেন, ‘এ বয়স গ্রুপের শিশুর জন্য একটি নিরাপদ ও কার্যকরী ভ্যাকসিন পাওয়া হচ্ছে এ সংস্থার অগ্রাধিকার।’

তিনি আরও বলেন, করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রমণ সাম্প্রতিক সময়ে অনেক বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে এফডিএ এ আবেদনের অনুরোধ জানায়।

আশা করা হচ্ছে, ফেব্রুয়ারির শেষ নাগাদ এ টিকা ব্যবহারের অনুমোদন মিলবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত