চট্টগ্রামের সীতাকুন্ডে সড়ক দুর্ঘটনায় শিপ ইয়ার্ডের এক শ্রমিক নিহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ভাটিয়ারী বাজারে এই দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম মো. নুর মোস্তফা (৩৫)। তিনি উপজেলার বারৈয়াঢালা ইউনিয়নের বহরপুর গ্রামের জামাল হোসেনের ছেলে।
বার আউলিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক জানান, কাজে যোগ দেওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে আসেন নুর মোস্তফা। কাজে যোগদানের উদ্দেশ্যে মহাসড়ক পার হওয়ার সময় অজ্ঞাতনামা একটি গাড়ির ধাক্কায় আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) মর্গে প্রেরণ করে।
নিহত নুর মোস্তফা ভাটিয়ারীতে অবস্থিত একটি পুরাতন জাহাজ ভাঙার কারখানায় (শিপ ইয়ার্ড) ওয়েল্ডিং মিস্ত্রির কাজ করতেন বলে তিনি জানান।
