শিক্ষার্থীরা মুখিয়ে আছে স্কুল খোলার জন্য। ৩ ফেব্রুয়ারি স্কুল খুলবে রাজ্যটিতে। আর তার আগেই পশ্চিমবঙ্গের নদিয়ার কৃষ্ণনগর কলেজিয়েট স্কুলের মতো ঐতিহ্যশালী স্কুলে রীতিমতো মারামারিতে জড়ালেন দুই শিক্ষক। দুই শিক্ষকের এই কাণ্ড এখন সোশ্যাল মিডিয়ায় অন্যতম চর্চার বিষয় হয়ে উঠেছে। তাদের মারামারির ভিডিও এখন ভাইরাল।
স্থানীয় সূত্রে খবর, খোদ প্রধান শিক্ষকের সঙ্গে মারপিটে জড়িয়ে পড়েন ভূগোল শিক্ষক। অভিযোগ এমনটাই। সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনেই দুজনের হাতাহাতি বেঁধে যায়।
স্কুলের ভূগোল শিক্ষক প্রয়োজনীয় কিছু কাগজপত্র অনেকদিন ধরেই প্রধান শিক্ষকের কাছ থেকে চাইছিলেন। অথচ সেই কাগজ তিনি পাচ্ছিলেন না বলে তার দাবি। এদিকে এদিন প্রতিবাদী স্লোগান লেখা পোস্টার নিয়ে তিনি প্রধান শিক্ষকের ঘরের সামনে হাজির হন।
এদিকে সংবাদ মাধ্যমের সামনে কথা বলছিলেন প্রধান শিক্ষক। তখন তুমুল মারামারি বেঁধে যায় দুই শিক্ষকের মধ্যে। প্রধান শিক্ষকই ওই প্রতিবাদী শিক্ষকের ওপর চড়াও হন। দুই শিক্ষকের মধ্যে তুমুল মারামারি, চড়-ঘুসি চলতে থাকে। সাংবাদিকদের সামনেই মারামারি জড়ান তারা। ওদিকে প্রশ্ন উঠছে যেখানে স্কুলের মধ্যে মারামারিতে জড়ালেন দুই শিক্ষক তবে শিক্ষার্থীদের কাছে কী বার্তা যাবে?
স্থানীয় সংবাদমাধ্যমের খবরে জানা যায়, স্কুলটির প্রধান শিক্ষক দীর্ঘদিন ধরে বিভিন্ন দুর্নীতির সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। অন্য শিক্ষকরা প্রতিবাদ করলে বিভিন্নভাবে হুমকি দেখান, প্রয়োজনীয় কাগজপত্র আটকে রাখেন। এমনকি, প্রধান শিক্ষকের বিরুদ্ধে মুখ খুললে বদলি করে দেওয়ার হুমকিও দেওয়া হয়।
নিজের বিরুদ্ধে ওঠা সব অভিযোগই অস্বীকার করেছে স্কুলের প্রধান শিক্ষক মনোরঞ্জন বিশ্বাস। তার বক্তব্য, কেউ বলতে পারবে না আমি কারো কাগজপত্র আটকে রেখেছি। কাউকে কোনোদিন হুমকিও দেইনি।
