বরিশাল ও বরগুনায় পৃথক দুটি মামলায় দুজন ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানকে কারাগারে পাঠিয়েছে আদালত। গতকাল বুধবার পৃথক আদালতে উপস্থিত হয়ে জামিন আবেদন করলে তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়। প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন :
বরিশাল : জাল জালিয়াতির মাধ্যমে ভুয়া নিলাম ডিক্রি, দলিল ও পর্চা তৈরি করে অন্যের জমি আত্মসাতের ঘটনায় দায়ের করা মামলায় বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দাড়িয়াল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শহিদুল ইসলাম হাওলাদারসহ ৫ জনকে জেলহাজতে পাঠিয়েছে আদালত। গতকাল দুপুরে বরিশালের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মহিবুল হাসানের বিচারাধীন আদালত তাদের জেলহাজতে পাঠায়।
বরগুনা : দ্রুত বিচার আইনের মামলায় বরগুনা সদর উপজেলার আয়লা পাতাকাটা ইউনিয়নের চেয়ারম্যান মোশাররফ হোসেনকে কারাগারে পাঠিয়েছে আদালত। গতকাল বুধবার বরগুনার দ্রুত বিচার আদালতের বিচারক মো. নাহিদ হোসেন তাকে কারাগারে পাঠান। এর আগে একই আদালতে গত মঙ্গলবার তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়।
মামলা সূত্রে জানা যায়, গত বছরের ১২ জুন ওই ইউনিয়নের পূর্ব কেওড়াবুনিয়া গ্রামে নৌকা প্রতীকের প্রার্থী এম মজিবুল হক কিসলুর সমর্থকদের ওপর হামলা করে মোটরসাইকেল ভাঙচুর ও মজনু নামে এক নৌকার সমর্থককে কুপিয়ে জখম করেন মোশাররফ হোসেন ও তার কর্মী-সমর্থকরা। এ ঘটনায় নৌকার প্রার্থী বাদী হয়ে ১৩ জুন বরগুনা থানায় ১৩২ জনকে আসামি করে মামলা করেন।
