বাংলাদেশ নারী ক্রিকেট দলের তিনজন কভিড পজিটিভ হয়েছেন। তাদের মধ্যে রয়েছে এক ক্রিকেটার ও দুই সাপোর্ট স্টাফ।
বিসিবির এক সূত্র জানিয়েছে, এই তিনজনকে ছাড়াই বৃহস্পতিবার বেলা একটায় বিশ্বকাপ খেলতে নিউজিল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেবে বাংলাদেশ নারী ক্রিকেট দলের বাকি সদস্যরা। করোনা আক্রান্তদের ৮ দিনের আইসোলেশনের থাকতে হবে।
নিউজিল্যান্ডে পৌঁছার পর ১০ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকবে টাইগ্রেসরা। দেশটিতে বাংলাদেশের মেয়েদের এটি প্রথম সফরও।
বিশ্বকাপ প্রস্তুতির কথা মাথায় রেখে বেশ আগে নিউজিল্যান্ডে যাচ্ছে বাংলাদেশ নারী দল। মূল আসর শুরুর আগে টাইগ্রেসরা সুযোগ পাবে আইসিসির দুটি প্রস্তুতি ম্যাচ খেলার। তার আগে নিউজিল্যান্ডের স্থানীয় দলের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচেরও ব্যবস্থা করেছে বিসিবি।
আগামী ৪ মার্চ থেকে নিউজিল্যান্ডে শুরু হবে এবারের ওয়ানডে বিশ্বকাপ। ৮ দলের আসরে প্রাথমিক পর্বে সব দল লড়বে পরস্পরের সঙ্গে।
বাংলাদেশের বিশ্বকাপ অভিযান শুরু করবে ৫ মার্চ ডানেডিনে, দক্ষিণ আফ্রিকা বিপক্ষে। এবারই প্রথম বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছে টাইগ্রেসরা।
