পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে দুটি সামরিক ঘাঁটিতে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ৭ সেনাসহ ২০ জন নিহত হয়েছে। বালুচ লিবারেশন আর্মি (বিএলএফ) এ হামলার দায় শিকার করেছে।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার পাকিস্তানের শীর্ষ এক কর্মকর্তা হামলায় হতাহতের তথ্য নিশ্চিত করেছেন। নিহতদের মধ্যে ৭ জন সেনা সদস্য ও সশস্ত্র গোষ্ঠীর ১৩ সদস্য রয়েছেন।
হামলার দায় স্বীকার করে বিএলএফ এক বিবৃতিতে বলেছে, সেখানে আত্মঘাতী বোমা হামলা চালানো হয়েছে। বিস্ফোরকভর্তি গাড়িও ছিল। এতে ৫০ জনের বেশি সেনা নিহত হয়েছেন।
রয়টার্সের খবরে বলা হয়, বুধবার রাতভর এসব হামলার ঘটনা ঘটেছে। এমন সময়ে সেখানে হামলার ঘটনা ঘটছে, যখন চীন এই প্রদেশে বিনিয়োগ করছে।
উইন্টার অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে চীনে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। সেখানে তাঁর সঙ্গে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের বৈঠক হওয়ার কথা রয়েছে। ইমরান খান চীনে যাওয়ার কয়েক ঘণ্টা আগে এ হামলার ঘটনা ঘটল।
এ হামলার পর একটি ভিডিও বিবৃতিতে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রাশিদ বলেন, ‘আমাদের সেনারা হামলার পাল্টা জবাব দিয়েছেন।’
তিনি বলেন, ৭ সেনা ও সশস্ত্র গোষ্ঠীর ১৩ সদস্য নিহত হয়েছেন। সেখানে আরও চার–পাঁচজন সশস্ত্র সদস্য রয়েছেন তাদের মোকাবিলা করবেন সেনারা।
এর আগে বেলুচিস্তানের আরেক শহর গোয়াদারে হামলা চালানো হয়। ওই হামলায় ১০ সেনা নিহত হন।
