মৃত্যুর ৩১ বছর পর একুশে পদক পেলেন নজরুল ইসলাম বাবু

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২২, ১০:২১ পিএম

সদ্য ঘোষিত একুশে পদক পাওয়া গুণীজনদের তালিকায় রয়েছেন গীতিকার নজরুল ইসলাম বাবু। তিনি সংগীতে অবদানের জন্য মরণোত্তর একুশে পদক পেলেন। নন্দিত এই গীতিকারের মৃত্যুর ৩১ বছর পরে এমন রাষ্ট্রীয় স্বীকৃতিতে একদিকে যেমন আনন্দিত সংগীতাঙ্গনের কেউ কেউ, অন্যদিকে আবার ক্ষোভও প্রকাশ করছেন কেউ কেউ।

‘সবকটা জানালা খুলে দাও না’, ‘একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার’, ‘দুই ভুবনের দুই বাসিন্দা’, ‘পৃথিবীতে প্রেম বলে কিছু নেই’, ‘ডাকে পাখি খোল আঁখি’, ‘কাল সারারাত ছিল স্বপ্নের রাত’, ‘আমার গরুর গাড়িতে বউ সাজিয়ে’, ‘কতো যে তোমাকে বেসেছি ভালো’ এমন অসংখ্য কালজয়ী গানের স্রষ্টা বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম বাবু। ১৯৪৯ সালের ১৭ জুলাই জামালপুর জেলার মাদারগঞ্জের চরনগর গ্রামে ক্ষণজন্মা এই গুণী মানুষের জন্ম। তার বাবা বজলুল কাদের ছিলেন স্কুলশিক্ষক। মা রেজিয়া বেগম গৃহিণী। বাবার সংগীতের প্রতি অনুরাগ ছোটবেলা থেকেই বড় সন্তান নজরুল ইসলাম বাবুকে প্রভাবিত করে।

২১ বছরের টগবগে তরুণ নজরুল ইসলাম বাবু ১৯৬৯ সালে সরকারি আশেক মাহমুদ কলেজের ছাত্রনেতা হিসেবে বেশ নামডাক করেন। হঠাৎ তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে তৎকালীন সামরিক জান্তা। এর মধ্যে শুরু হয় মুক্তিযুদ্ধ। তিনি আত্মগোপন করেন। চলে যান ভারতে। সেখানে মুক্তিযোদ্ধা হিসেবে ক্যাম্পে যোগ দেন। দেশ স্বাধীন হলে তিনি আবার লেখাপড়া, সাহিত্য ও সংগীতচর্চা শুরু করেন। সিনেমা প্রযোজনাও করেন তিনি। ১৯৯০ সালের ১৪ সেপ্টেম্বর গুণী এই গীতিকার মৃত্যুবরণ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত