যুক্তরাষ্ট্রের বিশেষ অভিযানে সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে ছয় শিশুসহ ১৩ জন নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার এ অভিযান চালানোর কথা জানিয়েছে পেন্টাগন। খবর আলজাজিরার।
পেন্টাগনের প্রেস সেক্রেটারি জন কিরবি এক বিবৃতিতে বলেছেন, যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা করেছে। আল কায়েদার অনুগত সন্দেহভাজন একজনকে লক্ষ্য করে এ হামলা চালানো হয় বলে ধারণা করা হচ্ছে।
তুরস্কের সীমান্তের কাছে ঘনবসতিপূর্ণ আতমাহর এলাকায় অভিযান চালানো হয়। সেখানে কয়েক লাখ সিরীয় উদ্বাস্তু অস্থায়ী শিবির ও জনাকীর্ণ আবাসনগুলোতে বসবাস করছে। এক বাসিন্দা জানান, উদ্ধারকারীরা বহুতল একটি ভবন থেকে চার নারী, ছয় শিশুসহ ১৩ জনের লাশ বের করেছে। ২০১৯ সালে সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে যুক্তরাষ্ট্রের বিশেষ অভিযানে আইএস নেতা আবু বকর আল-বাগদাদির মৃত্যু হয়েছিল।
