সখীপুরে সাংবাদিককে পিটিয়ে আহত করেছে সন্ত্রাসীরা

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২২, ১১:২৮ পিএম

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখীপুর থানায় সন্ত্রাসীরা এক সাংবাদিককে পিটিয়ে গুরুতর আহত করেছে। আহত সাংবাদিক খোরশেদ আলম বাবুলকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১টার দিকে থানার দক্ষিণ তারাবুনিয়া মালবাজার ব্রিজের পাশে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সখীপুর থানায় একটি অভিযোগ হয়েছে।

খোরশেদ আলম বাবুল স্থানীয় দৈনিক হুংকার পত্রিকার যুগ্ম বার্তা সম্পাদক ও চ্যানেল এস, দৈনিক নয়া শতাব্দীর শরীয়তপুর প্রতিনিধি।

অভিযোগে বলা হয়, বসত ঘর ও ফসলি জমি দখল করে প্রায় ৪০ একর জমির মধ্যে সখীপুর থানার দক্ষিণ তারাবুনিয়ার চেয়ারম্যান শাহজালাল মাল মৎস্য ঘের তৈরি করছে। এমন সংবাদের ভিত্তিতে খোরশেদ আলম বাবুল, দীপ্ত টিভি ও খোলা কাগজের জেলা প্রতিনিধি রাজিব হোসেন রাজন ও চ্যানেল এস এর জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম দুপুরে ঘটনাস্থলে সংবাদ সংগ্রহ করতে যান। সেখানে তখন মৎস্য ঘের করার জন্য ভেকু মেশিন দিয়ে মাটি কাটা হচ্ছিল।

সাংবাদিকেরা ছবি ও ভিডিও ধারণ করে আসার পথে মালবাজার ব্রিজের পাশে মোটরসাইকেল থামিয়ে চেয়ারম্যান শাহজালাল মাল ও তার ভাই ইউনিয়ন যুবলীগের সভাপতি মিন্টু মালসহ ১৫/ ২০ জন সন্ত্রাসী বাবুলকে গাছের ডালা দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। এ সময় সন্ত্রাসীরা সাংবাদিকদের ক্যানন ক্যামেরা ও গোপন ক্যামেরা নিয়ে যায়। সন্ত্রাসীরা সাংবাদিকদের সাথে থাকা মোবাইলের সকল ছবি ও ভিডিও ডিলিট করে দেয়।

পরে অন্যান্য সাংবাদিকেরা খবর পেয়ে খোরশেদ আলম বাবুলকে উদ্ধার করে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য সদর হাসপাতালে ভর্তি করা হয়। 

আহত সাংবাদিক খোরশেদ আলম বাবুল বলেন, চেয়ারম্যান শাহজালাল মাল ও তার ভাই ইউনিয়ন যুবলীগের সভাপতি মিন্টু মালেরা আমার ওপর হামলা করে। আমি এই হামলার বিচার দাবি করছি।

সদর হাসপাতালের চিকিৎসক সৈয়দা নাসরিন বলেন, বাবুলের শরীরের বিভিন্ন জায়গায় আঘাত রয়েছে। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

অভিযুক্ত চেয়ারম্যান শাহজালাল মাল বলেন, আমি কারও বসত ঘর ও ফসলি জমি দখল করিনি। আমি আমার জমিতে মৎস্য ঘের করছি। আমি সাংবাদিকদের ওপর হামলা করিনি।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, সাংবাদিকের ওপর হামলার ঘটনাটি দুঃখজনক। বিষয়টি আমি শুনেছি। অভিযোগ পেয়েছি, তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত