বাংলাদেশে অস্ট্রিয়ার বৃহত্তর বিনিয়োগ চান প্রধানমন্ত্রী

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২২, ০৯:১০ পিএম

বিনিয়োগের জন্য সুবিধাজনক ভৌগোলিক অবস্থান বিবেচনা করে বাংলাদেশে অস্ট্রিয়ার বৃহত্তর বিনিয়োগের জন্য দেশটির প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার বিকেল ৪টায় অস্ট্রিয়ার চ্যান্সেলর কার্ল নেহামার ফোন করলে তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে বিনিয়োগ করুন। কারণ বাংলাদেশের ভৌগোলিক অবস্থান বিনিয়োগের জন্য সুবিধাজনক।’

দুই নেতা বাংলাদেশ ও অস্ট্রিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তী উপলক্ষে এ সময় ফোনে প্রায় ১০ মিনিট আলাপ করেন।

পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ তথ্য জানান।

টেলিফোন আলাপে অস্ট্রিয়ার চ্যান্সেলর বাংলাদেশের উন্নয়ন সহযোগী হতে এবং বাংলাদেশের সঙ্গে আর্থিক সম্পর্ক গড়ে তোলার ইচ্ছা প্রকাশ করেন।

প্রধানমন্ত্রী বাংলাদেশকে কোভিড-১৯ ভ্যাকসিন দেওয়ায় অস্ট্রিয়ার সরকার প্রধানকে ধন্যবাদ জানান। চ্যান্সেলর ভবিষ্যতে প্রয়োজন হলে বাংলাদেশকে আরও ভ্যাকসিন দেওয়ার আশ্বাস দেন।

কার্ল নেহামার বাংলাদেশ সফরের ইচ্ছা প্রকাশ করেন এবং এ লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত