গুলিতে নিহত যুবদল নেতা আকবর আলীর পরিবারের পাশে টুকু

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২২, ১১:৪৪ পিএম

সিরাজগঞ্জে বেলকুচি উপজেলায় গুলিতে নিহত যুবদল নেতা আকবর আলীর পরিবারের পাশে দাঁড়িয়েছেন কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরামর্শে শুক্রবার সিরাজগঞ্জে আকবর আলীর বাসায় গিয়ে তিনি পরিবারের খোঁজখবর ও সদস্যদের সান্ত্বনা দেন।

গত বুধবার রাতে বেলকুচি উপজেলার রান্ধনিবাড়ি এলাকায় যুবদল নেতা নিহত আকবর আলী নিহত হন।

নিহত যুবদল নেতার বাসায় গিয়ে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, স্থানীয় এমপি ও আওয়ামী দলীয় ইউপি চেয়ারম্যানের প্রত্যক্ষ মদদে সায়দাবাদ ইউনিয়ন যুবদল নেতা আকবর আলীকে হত্যা করা হয়েছে। সারা দেশেই আওয়ামী সংগঠনের নেতাকর্মীদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় অস্ত্রসজ্জিত করা হয়েছে বিএনপিসহ বিরোধী দল ও মতকে নিশ্চিহ্ন করতে। আর সে জন্যই আওয়ামী সন্ত্রাসীরা গ্রাম থেকে শহরে খুনের নেশায় ছুটে বেড়াচ্ছে।

আকবর আলীর পরিবারকে সান্ত্বনা দিয়ে যুবদলের সাধারণ সম্পাদক টুকু বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আপনাদের খোঁজখবর নেওয়ার জন্য আমাকে পাঠিয়েছেন। আপনারা ভয় পাবেন না। আমরা আপনাদের পাশে আছি। এ ঘটনায় অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তার করে বিচারের দাবি জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সুইট, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম খান, জেলা  যুবদল সভাপতি মীর্জা আব্দুর জব্বার বাবু,সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার হোসেন রাজেশ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কায়েস, সদর থানা যুবদলের সভাপতি গোলাম কিবরিয়া বরাত, সাধারণ সম্পাদক তৌহিদ আলম, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি কায়সার পারভেজ কাজল, সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজ সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত